August 1, 2026, 2:12 pm

গুদামে রেকর্ড পরিমাণ খাদ্য মজুত আছে : মন্ত্রী

গুদামে রেকর্ড পরিমাণ খাদ্য মজুত আছে : মন্ত্রী

বর্তমানে গুদামে রেকর্ড পরিমাণ খাদ্য মজুত আছে বলে জানিয়েছেন মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। কোনো ধরনের সংকট নেই। অভ্যন্তরীণ উৎস থেকে অতিরিক্ত আরো ২ লাখ টন চাল আমরা সংগ্রহ করতে যাচ্ছি। প্রয়োজনে মজুত আরো বাড়াতে উদ্যোগ নেওয়া হবে।

বুধবার (১৭ আগস্ট) নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় আকস্মিক খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এসময় তিনি উপকারভোগীদের সঙ্গে কথা বলেন।

মন্ত্রী বলেন, জনসাধারণের পাশে সরকার সবসময় আছে এবং থাকবে। পাশাপাশি সরকারের ওএমএস কর্মসূচিতে চাল ও আটা বিক্রয় কার্যক্রম চলমান আছে।

তিনি বলেন, খাদ্যবান্ধব কর্মসূচি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য উদ্যোগ। নিম্নআয়ের মানুষ সরাসরি এ কর্মসূচি থেকে উপকৃত হচ্ছে। পৃথিবীর কোথাও এমন মহৎ কর্মসূচি নেই।

সাধন চন্দ্র মজুমদার বলেন, জনসাধারণের সুবিধার কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১৫ টাকা কেজিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল দেওয়া হচ্ছে। ডিজিটাল কার্ডের মাধ্যমে এ কার্যক্রম চলছে। একসঙ্গে দুই মাসের জন্য ৬০ কেজি চাল দেওয়া হচ্ছে।

এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ তানভীর রহমান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক, প্রচার সম্পাদক রণজিৎ সরকার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com