October 10, 2026, 6:29 pm
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে নিম্ন আয়ের জনগণের মাঝে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনার একটি প্রস্তাবসহ মোট সাতটি ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ৮৩৮ কোটি ৭৭ লাখ টাকা।
বুধবার (১৬ আগস্ট) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলো সম্পর্কে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আমিন উল আহসান। তিনি বলেন, আজ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৮তম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৬তম সভা হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য একটি এবং ক্রয় কমিটির অনুমোদনের জন্য সাতটি প্রস্তাব উপস্থাপন করা হয়। ক্রয় কমিটির প্রস্তাবগুলোর মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তিনটি, বাণিজ্য মন্ত্রণালয়ের একটি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একটি এবং রেলপথ মন্ত্রণালয়ের একটি প্রস্তাবনা ছিল। ক্রয় কমিটির অনুমোদিত সাতটি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৮৩৮ কোটি ৭৭ লাখ ৫৪ হাজার ২৭৮ টাকা।