October 10, 2026, 6:57 pm
রাজধানীতে আজ ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত বৃষ্টি হয়েছে পাঁচ মিলিমিটার। সকাল গড়িয়ে থেমে থেমে বৃষ্টি ঝরছে এই বেলায়ও। দিনের শুরুতে বৃষ্টির এমন বাগড়ায় বিড়ম্বনায় পড়েছেন অফিসগামী যাত্রী ও দিন মজুররা। আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজধানীবাসীদের এ বিড়ম্বনা পোহাতে হবে সারা দিন। অর্থাৎ রবিবার সারা দিনই রাজধানীসহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মাদ আবুল কালাম মল্লিক বলেন, ‘গত ১১ আগস্ট থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। আজ সারা দিন ঢাকাসহ বিভিন্ন জেলায় থেমে থেমে বৃষ্টিপাত হবে।’
এদিকে আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটের ওপর দিয়া দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলমিটার বেগে বৃষ্টি/বজ্র-বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
পূর্বাভাসে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আগামী বুধবার (১৬ আগস্ট) পর্যন্ত সারা দেশে এ অবস্থা অব্যাহত থাকবে জানিয়ে এ আবহাওয়াবিদ ড. মল্লিক বলেন, ১৮ থেকে ২০ আগস্ট বৃষ্টিপাত কমে আসবে। ২০ আগস্টের পর বৃষ্টিপাত আবার বাড়বে।
ড. মল্লিক জানান, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে অর্থাৎ অধিকাংশ এলাকায় (৭০-১০০ শতাংশ স্থানে) বৃষ্টি হবে। রাজশাহী ও সিলেটের অনেক স্থানে (৫১-৭৫ শতাংশ) বৃষ্টি হবে। আপাতত সিলেট ও রাজশাহীতে বৃষ্টি দেখা যাচ্ছে না, তবে বৃষ্টি হবে। তিনি বলেন, বাতাস থাকলে মেঘ কেটে যায় কিন্তু এখন বাতাস খুব কম।
এদিকে আবহাওয়াবিদ আশরাফুল আলম জানান, গতকাল শনিবার সকাল ৯টা থেকে আজ রবিবার ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ৬১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে সবচে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে ১২৬ মিলিমিটার।
মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর স্বক্রিয় এবং এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।