October 10, 2026, 6:57 pm
চট্টগ্রামে আরও ৩ মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ১৮
চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়া শুরু করলেও দীর্ঘ হচ্ছে লাশের সারি। জেলার দুই উপজেলায় নতুন করে তিনজনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে দুই শিশু রয়েছে।
শুক্রবার (১১ আগস্ট) সকালে দুই ঘণ্টার ব্যবধানে সাঙ্গু নদীর সাতকানিয়া ও আনোয়ারা অংশ থেকে ওই তিন মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয়রা।
মরদেহ উদ্ধার হওয়াদের মধ্যে ৭-৮ বছর বয়সি এক ছেলে রয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। অপর দুজন হলো ৪ বছর বয়সি সানজিদা ও খোকন নামের এক যুবক।
এর আগে বৃহস্পতিবার পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর জানিয়েছিলেন চট্টগ্রামের জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সাইফুল্লাহ মজুমদার। এই তিনজনসহ মৃতের সংখ্যা দাঁড়াল ১৮ জনে।
সাতকানিয়া উপজেলার প্রশাসনিক কর্মকর্তা আবুল খায়ের বলেন, ‘শুক্রবার আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’
সাতকানিয়ার চরতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল্লাহ চৌধুরী বলেন, ‘সকাল ৮টার দিকে সাঙ্গু নদীর ব্রাহ্মণডেঙ্গা এলাকা থেকে ৭-৮ বছরের এক ছেলেশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি উদ্ধার শেষ করে ফেরার সময় চালগাঁও এলাকায় আরেক মেয়েশিশুর মরদেহের খবর মেলে। মেয়েটির নাম সানজিদা। সে নৌকাডুবিতে যে চারজন নিখোঁজ হয়েছিল, তাদের একজন। সেই ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার হয়েছে।’
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘আনোয়ারা থানা এলাকার জুইদন্ডি ১ নং ওয়ার্ডের ঘাট থেকে চন্দনাইশের ধোপাছড়ি ইউনিয়নের মো. খোকনের মরদেহ উদ্ধার করা হয়েছে। খোকন ৭ আগস্ট সকালে সাঙ্গু নদীর চিড়িংঘাটা এলাকা থেকে বন্যার পানিতে ভেসে যান। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’