October 19, 2026, 12:45 am
সরকারের পদত্যাগের এক দফা দাবির আওয়াজ দেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন পর্যন্ত পৌঁছানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকারের উদ্দেশে তিনি বলেছেন, ‘এবারের লড়াই হচ্ছে জীবন-মরণের। কোনো ভয় দেখিয়ে আমাদের দমিয়ে রাখা যাবা না। নতুন যুদ্ধে নতুন লড়াই শুরু করেছি। মিছিলের মাধ্যমে জানিয়ে দিতে চাই তোমাদের দিন শেষ। মানে পদত্যাগ কর।’
শুক্রবার (১১আগস্ট) বিকালে রাজধানীর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে গণমিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ আমাদের স্বাধীনতার সমস্ত অর্জন ধ্বংস করে দিয়েছে। দেশের গণতন্ত্র, অর্থনীতি, শিক্ষাপ্রতিষ্ঠান– সব ধ্বংস করে দিয়েছে। সবচেয়ে বেশি ধ্বংস করেছে দেশের বিচারব্যবস্থা। বিচারালয়ের ওপর ভর করে মিথ্যা ও গায়েবি মামলায় আমাদের নেতাকর্মীদের সাজা দিচ্ছে।’
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘তাতে কি আন্দোলন বন্ধ করা যাবে? যতই নির্যাতন কর, কারাগারে ঢোকাও—আন্দোলনের মাধ্যমে অধিকার ফিরিয়ে এনে ঘরে ফিরব।’
বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার প্রত্যয় আবারও উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘সংসদ ভেঙে পদত্যাগ করে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নতুন কমিশন গঠন করে তাদের অধীনে নির্বাচন দিতে হবে।’
নতুন দুটি রাজনৈতিকদল – জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টিকে (বিএসপি) নিবন্ধন দিয়ে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘কেউ এ দুই দলকে চেনে না। এদের দিয়ে সরকার নির্বাচন-নির্বাচন খেলা খেলতে চায়।’ এবার এ খেলা খেলতে দেওয়া হবে না বলে সরকারকে হুঁশিয়ারি দেন তিনি।
এতে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী। উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম, শামসুজ্জামান দুদু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ। সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান। সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক।