October 17, 2026, 11:00 pm
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জালিয়াতি করে ক্ষমতাকে চিরস্থায়ী করতে অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের সংবিধানকে কাটাছেঁড়া করে নিজেদের সুবিধা মতো করে নিয়েছে। এই সরকার গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।’
বুধবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, তা আওয়ামী লীগ ধূলিসাৎ করে দিয়েছে। গণতন্ত্রের মোড়কে দেশে একদলীয় ব্যবস্থা কায়েম করেছে। ১৪ বছরের অন্যায় অত্যাচার লুণ্ঠন ও দুর্নীতির মাধ্যমে দেশকে ফোকলা বানিয়ে ফেলেছে।’
তিনি অভিযোগ করেন, ‘আজকে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে গৃহবন্দি করে রাখা হয়েছে। মাত্র ২ কোটি টাকার জন্য তাকে সাজা দেওয়া হয়েছে। অথচ হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে তাদের কোনো বিচার নেই।’
আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দলটির সিনিয়র নেতাদের বিরুদ্ধে মামলা দ্রুত নিষ্পত্তি করে সাজা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘কারণ নির্বাচনের আগে সরকার মাঠ ফাঁকা রাখতে চায়। যাতে জনগণ ভোটকেন্দ্রে না যেতে পারে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ উদ্দেশ্যপূর্ণভাবে শান্তি সমাবেশের নামে আমাদের প্রত্যেকটি সমাবেশে কর্মসূচিতে বাধা দিয়েছে। গণতন্ত্রের ন্যূনতম নর্মস্ বা রীতি আছে, তাও তারা রাখেনি। আমরা যদি তারিখ পরিবর্তন করি তারাও তারিখ পরিবর্তন করেছে। কতটা ভিনডেকটিভ হলে বা ভয় পেলে আওয়ামী লীগ এ ধরনের কাজ করে। আওয়ামী লীগ অত্যন্ত ভীতু একটি দল। সত্যিকার অর্থে মানুষের গণতান্ত্রিক অধিকার যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে এরা নিশ্চিহ্ন হয়ে যাবে।’