August 2, 2026, 6:04 pm
রংপুরসহ দেশের ৭০ ভাগ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উদগ্রীব আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই যতই প্রোপাগান্ডা, যতই বিষোদগার করুক আর আন্দোলনের নামে যতই বিশৃঙ্খলা-ষড়যন্ত্র করা হোক না কেন শান্তিপূর্ণ নির্বাচন হলে রংপুরসহ দেশের ৭০ ভাগ মানুষ শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। তারা নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আকুল হয়ে অপেক্ষা করছে।
মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর জনসভাস্থল রংপুর জিলা স্কুল মাঠ পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সিটি করপোরেশন নির্বাচন কিংবা পৌরসভা নির্বাচনের ফল আর জাতীয় নির্বাচনের ফল এক হয় না। প্রধানমন্ত্রীর উন্নয়ন চারদিকে ছেয়ে গেছে। নির্বাচনের আগে আগামীকালকের (বুধবার) সমাবেশ অনেক গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধুকন্যা উত্তরবঙ্গকে ঘিরে যে স্বপ্ন দেখেছেন তা সমাবেশে জনগণের কাছে সাজিয়ে বলবেন।
রংপুরের উন্নয়নের কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘বিগত দেড় দশকে রংপুরের কেমন উন্নয়ন হয়েছে তা দেখার জন্য সৈয়দপুর বিমানবন্দরে যেতে হবে। এখানে সকাল থেকে রাত পর্যন্ত ১৮টি বিমান উঠা-নামা করে। এই লোকগুলো কি বেকার, তারা কি এখানকার প্রকৃতি দেখতে আসে? না এরা পঞ্চগড় পর্যন্ত যায় কাজের জন্য। আমার কাজ শেষে বিমানে করে ফিরে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপাল, ভুটানসহ বিভিন্ন দেশ নিয়ে রংপুরের একটি আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা করেছেন। ব্যবসা-বাণিজ্যের ব্যাপারে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন। জয়দেবপুর থেকে ছয় লেন রাস্তা এলেঙ্গা হয়ে রংপুরের দিকে আসছে। রংপুর থেকে বুড়িমারীর দিকে যাবে একটি পার্ট, অপরটি যাবে বাংলাবান্ধা পর্যন্ত। সড়ক পথে চললেই রংপুর বিভাগের আমূল পরিবর্তন চোখে পড়বে।’
তিনি বলেন, রংপুর এক সময় মঙ্গাকবলিত এলাকা ছিল। প্রধানমন্ত্রী মঙ্গাকে জাদুঘরে পাঠিয়ে দিয়েছেন। লালমনিরহাটে সিভিল এভিয়েশন বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় হয়েছে। চরাঞ্চলে বিদ্যুৎ চলে গেছে। রেল এখন পঞ্চগড় পর্যন্ত চলছে। কী নেই রংপুরে।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।