August 3, 2026, 12:05 am

মেট্রোরেলে ঢিল ছোড়ার ঘটনায় মামলা

মেট্রোরেলে ঢিল ছোড়ার ঘটনায় মামলা

বাংলাদেশের প্রথম বিদ্যুৎচালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেলের জানালায় ঢিল ছোড়ার ঘটনায় মামলা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাফরুল থানায় মেট্রোরেল কর্তৃপক্ষ বাদী হয়ে মামলাটি করেছে।

সোমবার (১ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান।

তিনি বলেন, মেট্রোরেলের জানালায় ঢিল ছোড়ার ঘটনায় আজ রাতে একটি মামলা হয়েছে। মেট্রোরেল আইন- ২০১৫ অনুসারে মামলাটি হয়েছে। মামলায় একাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

ওই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা গেছে কি না— প্রশ্ন করা হলে তিনি বলেন, এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। তবে জড়িতদের খুঁজে বের করতে আমাদের একাধিক টিম কাজ করছে।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে ডিএমটিসিএলের ম্যানেজার (সিভিল অ্যান্ড পি-ওয়ে) মাহফুজুর রহমান বলেন, গতকাল (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশনগামী ট্রেন কাজীপাড়া স্টেশনে ঢোকার মুখে ঢিল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে একটি জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়।

‘ঘটনাটি কাজীপাড়া মেট্রো স্টেশনের ঠিক দক্ষিণ প্রান্তে ঘটে। যখন ট্রেনটি স্টেশনের ঢুকতে যাচ্ছে, ঠিক এমন সময় বিকট একটি আওয়াজে জানালার কাচ ভেঙে যায়। ট্রেন ছিল পশ্চিম দিকের ট্র্যাকে। পূর্ব দিক থেকে ঢিল আসে। ফলে ট্রেনের পূর্ব দিকের একটি কাচ ক্ষতিগ্রস্ত হয়।’

মাহফুজুর রহমান বলেন, ‘আমরা সঠিক লোকেশনটা গতকাল বের করার চেষ্টা করেছি। পুলিশের কর্মকর্তারা বিষয়টি দেখছেন। তারাও ফাইন্ড আউট করার চেষ্টা করছেন, কীভাবে ঘটনাটি ঘটল।’

এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হচ্ছে। কহিনূর সুলতানা নামে একজন লিখেছেন, ‘বুঝলাম না ঢিল ছুড়ে কী পেল, কারই বা লাভ হলো? এখন তো মেট্রোরেল বাংলার জনগণের। জনগণের উচিত এটাকে রক্ষা করা। তা না করে ধ্বংসের খেলায় কারা উল্লাসী!!! খুব খারাপ কাজ।’

ওই ঘটনায় কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান এর আগে বলেছিলেন, গতকাল আগারগাঁও স্টেশন থেকে শেওড়াপাড়া হয়ে কাজীপাড়া দিয়ে উত্তরা যাওয়ার সময় মেট্রোরেলের একটি কাচে ঢিল ছোড়া হয়। ঘটনাটি ঘটে কাজীপাড়া বর্ডার এলাকায়। এ বিষয়ে গতকাল একটি অভিযোগ আমাদের কাছে এসেছে। অভিযোগটি আজ মামলা আকারে দায়ের হওয়ার প্রস্তুতি চলছে। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলছি কোন আইনে মামলাটি করা যায়।

এখন পর্যন্ত কেউ আটক আছে কি না— জানতে চাইলে তিনি বলেছিলেন, এখনও কাউকে আটক করা যায়নি। তবে আমাদের বেশ কয়েকটি টিম জোরালোভাবে কাজ করছে। কোথা থেকে ঢিলটি মারা হয়েছে এবং কারা কাজটির সঙ্গে জড়িত, সে বিষয়ে আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। অভিযুক্তরা শনাক্ত হলেই তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com