August 4, 2026, 2:13 am

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু কাল, ইউনিফর্ম পরে আসার নির্দেশ

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু কাল, ইউনিফর্ম পরে আসার নির্দেশ

আগামীকাল রোববার (৩০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষায় মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।

এ বছর এসএসসি ও সমামানের পরীক্ষায় ৫০ হাজার ২৯৫ জন পরীক্ষার্থী বেড়েছে। গতবার এসএসসি ও সমমানে মোট পরীক্ষার্থী ছিলেন ২০ লাখ ২১ হাজার। চলতি এসএসসি ও সমমানের পরীক্ষায় ছাত্রী বৃদ্ধি পেয়েছে ৩৮ হাজার ৬০৯ জন। এবছর প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ২০৭টি, কেন্দ্র বেড়েছে ২০টি। এবার মোট কেন্দ্র ৩ হাজার ৮১০টি এবং মোট প্রতিষ্ঠান ২৯ হাজার ৭৯৮টি।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, শিক্ষার্থীদের স্ব স্ব স্কুলের নির্ধারিত পোষাক বা ইউনিফর্ম পড়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে হবে। আর কোনো স্কুলের নির্ধারিত স্কুল ইউনিফর্ম না থাকলে মার্জিত পোশাক পরে পরীক্ষা কেন্দ্রে আসতে বলা হয়েছে পরীক্ষার্থীদের।

এ বিষয়ে পরীক্ষার্থী, প্রধান শিক্ষক, কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে অনুরোধ করেছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

এদিকে, আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশে করতে পারবে না বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

এতে বলা হয়, আগামী ৩০ এপ্রিল থেকে এসএসসি, এসএসসি/দাখিল (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করার জন্য কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ২০০ গজের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মোবাইল ফোনের সুবিধাসহ অনুমতিবিহীন কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ থাকবে। এ সংক্রান্ত নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আগামী রোববার থেকে পরীক্ষার দিনগুলোতে এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলেও ডিএমপির আদেশে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com