October 17, 2026, 1:42 pm

নিবন্ধিতদের মালয়েশিয়া যেতে বাধা দেখছেন না প্রবাসী কল্যাণ সচিব

নিবন্ধিতদের মালয়েশিয়া যেতে বাধা দেখছেন না প্রবাসী কল্যাণ সচিব

নতুন বিদেশিকর্মী নেওয়ার আবেদন বন্ধ করে দিয়েছে মালয়েশিয়ার সরকার। দেশটির এমন সিদ্ধান্তে কোনো উদ্বেগ দেখছেন না প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। তিনি বলছেন, মালয়েশিয়া গমনেচ্ছুদের মধ্যে ডাটাবেজ পূরণকারীরা দেশটিতে যেতে বাধা থাকছে না।

সোমবার (২০ মার্চ) মালয়েশিয়ার সঙ্গে ওয়ার্কিং গ্রুপের বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব মুনিরুছ সালেহীন এ কথা বলেন।

প্রবাসী কল্যাণ সচিব বলেন, আজকে আমাদের মালয়েশিয়ার সঙ্গে ওয়ার্কিং গ্রুপের মিটিং হয়েছে। মূলত এই মিটিং ছিল দুই দেশের অফিসিয়াল মিটিং। তাদের সঙ্গে অনলাইনে আমাদের যে ডাটাবেজ আছে, সেটাকে ইন্ট্রিগ্রেট করা। এটি আগে হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। ডাটাবেজ বাস্তবায়নে তারা সম্মত হয়েছে।

মুনিরুছ সালেহীন বলেন, আমরা আশা করছি আগামী ১৫ এপ্রিলের মধ্যে এটি বাস্তবায়ন হবে। এখান থেকে কর্মী নেওয়া, ক্লিয়ারেন্স এবং রিক্রুটমেন্টের সঙ্গে মালয়েশিয়ার ডাটাবেজের সমন্বয় হবে। এর মাধ্যমে আমাদের দেশ থেকে কর্মী যাওয়ার বিষয়টি আরও পরিচ্ছন্ন হবে।

প্রবাসী কল্যাণ সচিব জানান, এই যে পুরো প্রক্রিয়াটাকে দ্রুত ত্বরান্বিত করা দরকার। কারণ আমরা যে পরিমাণ ওয়ার্ক অর্ডার পেয়েছি ওই সংখ্যক কর্মী এখন পর্যন্ত বিদেশ যেতে পারেনি। এখানে কিছু সমস্যা আছে। আমরা তাদের ভিসা প্রসেসিং করার জন্য বাড়তি সেন্টার চালুর জন্য বলেছি। তারা বলেছে, এটা দ্রুত সমাধান করার বিষয়টি তারা দেখবে।

ওয়ার্কিং গ্রুপের বৈঠকে মূল আলোচনার বিষয়ে সচিব বলেন, আলোচনার মূল বিষয়টা ছিল যারা কর্মী হিসেবে যাবেন তারা যেন খুব সহজে যেতে পারেন। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে খরচ যেন কম হয় এই বিষয়গুলোও আলোচনা হয়েছে। এছাড়াও যে ক্ষেত্রগুলো আছে তারা যেন সেগুলো মনিটরিং করে।

তিনি বলেন, বাংলাদেশ থেকে কর্মী যাওয়ার ক্ষেত্রে বেশিরভাগ খরচ কর্মীদের বহন করার কথা সেগুলো কতটুকু হচ্ছে, তারা তা মেকানিজম দিয়ে করবে। আলোচনার মূল বিষয় ছিল প্রক্রিয়াটাক ত্বরান্বিত করা এবং কর্মী কত দ্রুত পাঠানো যায় সেই বিষয়টি।

প্রবাসী কল্যাণ সচিব আরও জানান, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে কিছু ফি আছে যেগুলো নিয়োগকর্তাদের বহন করার কথা। কিন্তু অনেকক্ষেত্রে এগুলো কর্মী ও এজেন্টের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। মালয়েশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে এ বিষয়গুলো তারা স্পষ্ট করবে।

শনিবার (১৯ মার্চ) থেকে নতুন বিদেশি কর্মী নেওয়ার আবেদন বন্ধের সিদ্ধান্তের কথা এক বিবৃতিতে জানান মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ভি শিবকুমার। তিনি জানান, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে। তবে যেসব আবেদন এরইমধ্যে জমা হয়েছে, তারা যেতে পারবেন দেশটিতে বলেও বিবৃতিতে উল্লেখ করেন মালয়েশিয়ার মন্ত্রী।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com