October 10, 2026, 10:05 pm

শুল্ক ফাঁকি রোধে এনবিআর-বেপজার সিস্টেমে আন্তঃসংযোগ

শুল্ক ফাঁকি রোধে এনবিআর-বেপজার সিস্টেমে আন্তঃসংযোগ

আমদানি-রপ্তানি প্রক্রিয়ায় চোরাচালান ও শুল্ক ফাঁকি প্রতিরোধে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম এবং বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি (বেপজা) সিস্টেমের মধ্যে আন্তঃসংযোগ স্থাপন করা হয়েছে।

এনবিআর থেকে কাস্টমস অটোমেশন শাখা থেকে ইস্যু করা এক চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এনবিআরের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

ওই চিঠির সূত্রে জানা যায়, অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম এবং বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি (বেপজা) সিস্টেমের মধ্যে আন্তঃসংযোগ স্থাপনের ফলে বেপজার সিস্টেম এবং অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে ইস্যু করা এক্সপোর্ট ও ইমপোর্ট পারমিটের তথ্য খুব সহজেই আদান প্রদান করা যাবে। এর মাধ্যমে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম থেকেই এ সংক্রান্ত তথ্য খুব সহজেই যাচাই করা সম্ভব হবে। এর ফলে চোরাচালান ও শুল্ক ফাঁকি সংক্রান্ত সব অপরাধ নিবিড়ভাবে যাচাই-বাছাই করা সম্ভব হবে।

সূত্র আরও জানায়, আগে বেপজার আইপি/ইপি সংক্রান্ত তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে বেপজার সিস্টেমে লগইন করে এ সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হতো।

বেপজার ইমপোর্ট পারমিট ব্যবহারের মাধ্যমে বিল অব এন্ট্রি দাখিলের কার্যক্রম গত বছরের সেপ্টেম্বরে শুরু হয়। তারই ধারাবাহিকতায় আগামী ২৩ জানুয়ারি থেকে ইপিজেডভুক্ত দপ্তরগুলোর রপ্তানির ক্ষেত্রে বেপজার এক্সপোর্ট পারমিট সংক্রান্ত তথ্য অ্যাসাইকুডা সিস্টেমে ধারণ করা ছাড়া কোনো ধরনের শুল্কায়নের কার্যক্রম সম্পন্ন করা যাবে না।

এছাড়া বেপজার এক্সপোর্ট পারমিট সংক্রান্ত আন্তঃসংযোগ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ এবং সংশ্লিষ্ট অংশীজনদের অবহিত করার জন্য নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে বলেও চিঠিতে জানানো হয়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com