August 13, 2026, 6:49 pm

সড়কে মঞ্চ বানিয়ে ছাত্রদলের সমাবেশ, পুলিশের সতর্ক অবস্থান

সড়কে মঞ্চ বানিয়ে ছাত্রদলের সমাবেশ, পুলিশের সতর্ক অবস্থান

৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্র সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একটু পরেই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। সমাবেশে যোগ দিয়েছেন ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা। এ সমাবেশ ঘিরে পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

ছাত্র সমাবেশের মঞ্চ তৈরি করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে পিকআপ ভ্যানে। সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের বসার ব্যবস্থা করতে সড়কে কার্পেট বিছানো হয়েছে। ফলে, নয়াপল্টন এলাকার ভিআইপি সড়কের একপাশে যানচলাচল বন্ধ রয়েছে। অন্য পাশের সড়কেও সংগঠনটির নেতাকর্মীদের উপস্থিতির কারণে যানচলাচলের জায়গা সংকীর্ণ হয়ে পড়েছে।

১৯৭৯ সালের ১ জানুয়ারি শিক্ষা, ঐক্য ও প্রগতি—এ তিন মূলনীতি সামনে রেখে ছাত্রদল গঠন করেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। সে হিসেবে আজ সংগঠনটির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এরপর বেলা ১১টার দিকে নয়াপল্টনের সড়কে অস্থায়ী মঞ্চ তৈরির কাজ শুরু হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দুপুর ১টার আগে থেকেই রাজধানী এবং আশপাশের জেলা থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর টি-শার্ট ও মাথায় ক্যাপ পরে ব্যানার-ফেস্টুনসহ ছোট-ছোট মিছিল নিয়ে নয়াপল্টন এলাকায় জড়ো হতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতি ক্রমেই বাড়তে থাকে। ফলে দুপুর ১টার পর থেকে নয়াপল্টন এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে ছাত্রদলের সমাবেশকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশের হোটেল মিডওয়ে, চায়না টাওয়ার ও কার্যালয়ের বিপরীত পাশের ভিআইপি টাওয়ারের সামনে পুলিশসহ সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থান নিতে দেখা গেছে।

ছাত্রদলের সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সভায় সভাপতিত্ব করবেন সংগঠনটির সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। সঞ্চালনার দায়িত্বে আছেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com