August 13, 2026, 8:02 pm

তিন ব্যাংকের ২১০০ কোটি টাকার বন্ড অনুমোদন

তিন ব্যাংকের ২১০০ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল), সোশ্যাল ইসলামী ব্যাংক এবং পূবালী ব্যাংক লিমিটেডকে বন্ড ইস্যুর মাধ্যমে বাজার থেকে ২১০০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

মঙ্গলবার (২৭ডিসেম্বর) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৪৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

তিনি জানান, আজকের সভায় ইসলামী ব্যাংকে ৮০০ কোটি, সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) ৬০০ এবং পূবালী ব্যাংককে ৭০০ কোটি টাকার বন্ড ছেড়ে বাজার থেকে অর্থ উত্তোলনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

মুখপাত্র আরও জানান, সভায় আইবিবিএলের প্রস্তাবিত ৭ বছর মেয়াদি ৮০০ কোটি টাকার আইবিবিএল ফোর্থ মুদারাবা রেডিমেবল নন-কনভার্টেবল, ফ্লোটিং রেট ফুললি রিডিমেবল এবং সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর জন্য সম্মতি প্রদান করেছে, যার কুপনে হার শরীয়াহভিত্তিক ব্যাংকসমূহের সর্বশেষ প্রকাশিত ৬ মাস মেয়াদি আমানতের সর্বোচ্চ হার এর গড়কে রেফারেন্স রেট হিসেবে বিবেচনার সঙ্গে ২ শতাংশ মার্জিন যোগ করে ষাণ্মাসিক ভিত্তিতে নির্ধারিত হবে। এর প্রতিটি ইউনিট অভিহিত মূল্য ১ কোটি টাকা।

বন্ডটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠান, ইনস্যুরেন্স কোম্পানি, কর্পোরেট ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি বরাদ্দ করা হবে। এ বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে ব্যাংক তাদের টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করবে এবং প্রচলিত ব্যবসায় বিনিয়োগ করবে। ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি বন্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করছে। এছাড়াও শর্তানুযায়ী বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড এ তালিকাভুক্ত হবে।

তিনি জানান, সভায় এসআইবিএলকে ৬০০ কোটি টাকা অভিহিত মূল্যে এসআইবিএল ফোর্থ নন-কনভার্টেবল আনসিকিউরড মুদারাবা সাবঅর্ডিনেটেড ফ্লোটিং রেট বন্ড এর প্রস্তাব অনুমোদন করেছে। এ বন্ডের মুনাফার হার শরীয়াহভিত্তিক ব্যাংকসমূহের সর্বশেষ প্রকাশিত ৬ মাস মেয়াদি আমানতের সর্বোচ্চ হারের গড়কে রেফারেন্স রেট হিসেবে বিবেচনার সঙ্গে ২ শতাংশ মার্জিন যোগ করে ষাণ্মাসিক ভিত্তিতে নির্ধারিত হবে। এর প্রতিটি ইউনিট অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

বন্ডটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। এ বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে ব্যাংক তাদের টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করবে। ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি বন্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করছে। আর অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এছাড়া বন্ডটিকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) অন্তর্ভুক্ত করার জন্য শর্তারোপ করেছে নিয়ন্ত্রক সংস্থা।

অপর প্রতিষ্ঠান পূবালী ব্যাংক লিমিটেডকে ৭০০ কোটি টাকা সংগ্রহের জন্য নন-কনভার্টেবল, প্রাইভেটলি প্লেসড, ফ্লোটিং রেট, থার্ড সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে। যার রেনজ অব কুপন রেট সুদের হার হবে ৬ থেকে ৯ শতাংশ। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা। বন্ডটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বরাদ্দ করা হবে।

বন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থ টিয়ার-২ মূলধন ভিত্তিকে শক্তিশালী করবে। আলোচিত বন্ডটি স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ বোর্ডে তালিকাভুক্ত হবে। এছাড়াও বন্ডের ট্রাস্টি হিসেবে আছে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। এর অ্যারেঞ্জারের দায়িত্ব পালন করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com