August 16, 2026, 7:30 am

বিএফআইইউর কাছে বেঙ্গল বিস্কুটসের ব্যাংক হিসাব তলব বিএসইসির

বিএফআইইউর কাছে বেঙ্গল বিস্কুটসের ব্যাংক হিসাব তলব বিএসইসির

পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানি বেঙ্গল বিস্কুটস এবং কোম্পানিটির চারজন উদ্যোক্তা ও পরিচালকের ব্যাংক হিসাব তলব করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সেই সঙ্গে ওই ব্যাংক হিসাবগুলোর গত তিন বছরের লেনদেনের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

সম্প্রতি এ বিষয়ে তথ্য চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে চিঠি দিয়েছে বিএসইসি। এ বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকেও অবহিত করা হয়েছে।

বিএসইসির চিঠিতে তদন্তের আদেশের বিষয়ে উল্লেখ করে জানানো হয়, বেঙ্গল বিস্কুটস উভয় স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানি। তবে, সম্প্রতি বেঙ্গল বিস্কুটসের বিরুদ্ধে কিছু বিনিয়োগকারী অভিযোগ জানিয়েছেন। এরই ধারাবাহিকতায় কমিশন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ (১৯৬৯ সালের অধ্যাদেশ নং XVII) এর ধারা ২১ এর অধীনে একটি তদন্ত কমিটি গঠন করেছে। এতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ১৫ নং ধারা) এর অধীনে বেঙ্গল বিস্কুটের পুরো বিষয় তদন্ত করা হবে।

এর পরিপ্রেক্ষিতে সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে চিঠিতে উল্লেখ করা ব্যাংক হিসাবগুলোর গত তিন বছরের লেনদেনের বিস্তারিত (ব্যাংক স্টেটমেন্টসহ) সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সম্পর্কিত তথ্য দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা ব্যাংক হিসাবগুলো মধ্যে বেঙ্গল বিস্কুটস, কোম্পানিটির পরিচালক এম এ মাসুদ, ফাইজুল হাসান ও মোহাম্মদ নূরুল কালাম এবং কোম্পানিটির স্বতন্ত্র পরিচালক শরীফ তইবুর রহমানের ব্যাংক হিসাব তলব করা হয়েছে।

এদিকে, চলতি বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে বেঙ্গল বিস্কুটসের ব্যবসায়িক কার্যক্রমসহ সার্বিক বিষয় খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করে বিএসইসি। কমিটিকে এ আদেশ জারি হওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন কমিশনে দাখিল করতে বলা হয়। কোম্পানিটির বিরুদ্ধে নানা অনিয়ম ও অভিযোগের পরিপ্রেক্ষিতে সার্বিক বিষয় খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বেঙ্গল বিস্কুটসের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন—বিএসইসির যুগ্ম পরিচালক মো. সাইফুল ইসলাম, সহকারী পরিচালক মো. মাহমুদুর রহমান ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একজন সদস্য (সিনিয়র ম্যানেজার থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা)।

এদিকে, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর বিএসইসি ওটিসি মার্কেট বিলুপ্ত ঘোষণা করে। ফলে, ওটিসি মার্কেটের আওতাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতা ও ভবিষ্যত সম্ভাবনার ভিত্তিতে এসএমই প্ল্যাটফর্ম ও অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। এরই ধারাবাহিকতায় ২০২১ সালে ওটিসি মার্কেট থেকে বেঙ্গল বিস্কুটকে এসএমই প্ল্যাটফর্মে স্থানান্তর করার সিদ্ধান্ত নেয় বিএসইসি।

প্রসঙ্গত, বেঙ্গল বিস্কুট ঢাকা স্টক এক্সচেঞ্জের এসএমই মার্কেটে তালিকাভুক্ত। কোম্পানির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৭ কোটি ৯৩ লাখ টাকা। সে হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৭৯ লাখ ৩৮ হাজার। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩০.৬০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১০.২৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫৯.১৩ শতাংশ শেয়ার আছে। কোম্পানির শেয়ার বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সর্বশেষ ৯৯.২০ টাকা লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com