October 13, 2026, 10:52 am

২০২১-২২ অর্থবছরে রাজস্ব আদায় ৩ লাখ ৪২ হাজার কোটি টাকা

২০২১-২২ অর্থবছরে রাজস্ব আদায় ৩ লাখ ৪২ হাজার কোটি টাকা

২০২১-২২ অর্থবছরে দেশে রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ৪২ হাজার ৪০০ কোটি টাকা। এ সময়ে রাজস্ব আদায় বেড়েছে ৪.১ শতাংশ। মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০২১-২০২২ অর্থবছরের কার্যাবলী সম্পর্কিত বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

সোমবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ৭.২৫ শতাংশ (সাময়িক), বাংলাদেশে মাথাপিছু আয় ২ হাজার ৮২৪ মার্কিন ডলার নির্ণয় করা হয়েছে। এ অর্থবছরে দেশে রপ্তানি বেড়েছে ৩৪ দশমিক ৩৮ শতাংশ। মোট রপ্তানি হয়েছে ৫২.০৮ বিলিয়ন মার্কিন ডলার।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০২১-২০২২ অর্থবছরে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ হয়েছে ৩.৪৪ বিলিয়ন মার্কিন ডলার। আর প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ২১.০৩ বিলিয়ন মার্কিন ডলার। এ সময়ে ৯ লাখ ৮৪ হাজার ৭৫৯ বাংলাদেশি কর্মী বিদেশে কর্মসংস্থান পেয়েছেন। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এক হাজার ৮৩৬টি প্রকল্পে ব্যয় হয়েছে ২ লাখ ৩ হাজার ৭৮৩ কোটি টাকা। যা বরাদ্দের ৯২.৮০ শতাংশ। এ অর্থবছরে ৩৩৩টি প্রকল্প শেষ হয়েছে।

২০২১-২০২২ অর্থবছর শেষে ১৬.০৭ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুত ছিল উল্লেখ করে তিনি বলেন, আগের বছরের তুলনায় খাদ্যের মজুত ১০ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। এছাড়া সার, সেচ কাজে বিদ্যুৎ ও আখসহ বিভিন্ন খাতে মোট ১৫ হাজার ১৭২.৭৯ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। আর জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬৬৯ মেগাওয়াট বিদ্যুৎ। আর এই অর্থবছরে বিদ্যুৎ সুবিধাভোগী জনগোষ্ঠী শতভাগে উন্নীত হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে দেশে মোবাইল গ্রাহকসংখ্যা ১৮ দশমিক ৪৭ কোটি ও ইন্টারনেট গ্রাহক প্রায় ১২ দশমিক ৬২ কোটিতে উন্নীত হয়েছে। আর ২০২১ সালের ১২ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে সাড়ে তিন গিগাহার্জ ব্যান্ডে ফাইভজি সেবা চালু করা হয়েছে। ২০২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ৩৪ কোটি ৭০ লাখ ২২ হাজার ১৩০ কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com