August 23, 2026, 2:14 am
ব্যাংক ঋণের সুদহার না বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।
ব্যাংক ঋণের সুদহার না বাড়ানোর আহ্বান এফবিসিসিআই’র
শনিবার (৫ নভেম্বর) সকালে এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত ব্যাংকিং ও লিজিং বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রথম সভায় এ আহ্বান জানান তিনি।
এ সময় এফবিসিসিআই সভাপতি বলেন, সুদহার বাড়ালে ঋণগ্রাহক ব্যবসায়ী ও উদ্যোক্তারা আরও বেশি চাপে পড়বেন। ইউক্রেনে সংকটের কারণে এরই মধ্যে কাঁচামাল, জাহাজ ভাড়া ও পরিবহন খরচ বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে সুদহার বাড়লে শিল্পের উৎপাদন ব্যয় ও ব্যবসার খরচ বাড়বে। কোভিডের সংকট পার করে এখনও বাড়তি চাপ সামলানোর পরিস্থিতি তৈরি হয়নি। তাই সুদহার বাড়ালে নতুন খেলাপি তৈরির ঝুঁকি তৈরি হবে।
শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি জানিয়ে সভাপতি বলেন, গ্যাস ও বিদ্যুতের সরবরাহ কমে উৎপাদন বাধাগ্রস্ত হলে গ্রাহক ঋণ পরিশোধ করতে ব্যর্থ হবেন, যা ব্যাংক ও উদ্যোক্তাদের জন্য হুমকিস্বরূপ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে গ্যাস ও বিদ্যুতের বৈশ্বিক সংকটের সমাধান হিসেবে কয়লাভিক্তিক বিদ্যুৎ উৎপাদনের সুপারিশ করেন তিনি।
পাশাপাশি সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমে জ্বালানি খরচ কমানো সম্ভব বলেও মনে করেন এফবিসিসিআই সভাপতি।
এছাড়া চলমান ডলার সংকট সমাধানে ব্যাংকিং সেবাকে আরও কার্যকর করাসহ খরচ কমানো প্রয়োজন বলেও মন্তব্য করেন জসিম উদ্দিন।
এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি ও কমিটির ডিরেক্টর ইনচার্জ মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্ব অর্থনৈতিক চাপে রয়েছে। বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে পূর্ণমাত্রায় উৎপাদন ও আমদানি করতে না পারায় ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। ব্যবসায়ীরা ঋণ খেলাপিতে পরিণত হচ্ছেন। শিল্পোৎপাদন অব্যাহত রাখতে এখনই প্রয়োজনীয় নীতি সহায়তার তাগিদ দেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও এফবিসিসিআইর সাবেক পরিচালক এ কে এম শহীদ রেজা। আরও বক্তব্য দেন এফবিসিসিআইর সহসভাপতি মো. আমিন হেলালী, সহসভাপতি ও কমিটির কো-চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর, পরিচালক এমজিআর নাসির মজুমদার, পরিচালক ড. নাদিয়া বিনতে আমিন।