October 13, 2026, 12:24 pm

তিন মাস পরপর জিডিপি প্রবৃদ্ধির রিপোর্ট দিতে বলেছে আইএমএফ

তিন মাস পরপর জিডিপি প্রবৃদ্ধির রিপোর্ট দিতে বলেছে আইএমএফ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সঙ্গে বৈঠক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বৈঠকে আইএমএফ বিবিএসকে বলেছে, তিন মাস পরপর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তথ্য দিতে হবে। এজন্য বিবিএস কর্মকর্তাদের প্রশিক্ষণও দিচ্ছে আইএমএফ।

মঙ্গলবার (১ নভেম্বর) আইএমএফ মিশন প্রধান রাহুল আনন্দ’র নেতৃত্বে একটি দল বিবিএস মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মতিয়ার রহমানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে এসব প্রস্তাব তুলে ধরেছে আইএমএফ।

বিবিএস জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্দেশনা অনুযায়ী ত্রৈমাসিক তথ্য দেওয়ার কাজ শুরু করবে প্রতিষ্ঠানটি।

এখন জিডিপি প্রবৃদ্ধি পরিমাপ করা হয় ২০০৫-০৬ অর্থবছরকে ভিত্তি বছর ধরে। এটি পরিবর্তন করে ২০১৫-১৬ অর্থবছর করার উদ্যোগ নেওয়া হয়েছিল ২০১৭ সালে। কিন্তু গত ৫ বছরেও ভিত্তি বছর পরিবর্তন করতে পারেনি বিবিএস। কয়েক বছরে জিডিপির ভিত্তি বছর পরিবর্তন করতে না পারলেও এখন ত্রৈমাসিক তথ্য দেওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে। কারণ আইএমএফের প্রতিনিধি দল প্রবৃদ্ধির হিসাব ত্রৈমাসিক ভিত্তিতে দিতে বলেছে।

বর্তমানে বিবিএস বছরে দুইবার জিডিপি প্রবৃদ্ধির তথ্য দেয়। এই পদ্ধতি বাতিল করে বছরে চারবার প্রকাশ করার পরামর্শ দিয়েছে আইএমএফ। যাতে দেশের আর্থিক অবস্থার অগ্রগতি সবসময় জানা যায়।

আগস্ট মাসের মূল্যস্ফীতির তথ্য এবার দেরিতে প্রকাশ করা হয়েছে। মূল্যস্ফীতি বেশি হওয়ার কারণেই তথ্য প্রকাশে দেরি হয়েছে কি না তা জানতে চেয়েছে আইএমএফ। এই বিষয়ে বিবিএস মহাপরিচালক তাদের বিস্তারিত জানিয়েছেন।

আইএমএফের সঙ্গে বৈঠক প্রসঙ্গে বিবিএস ডিজি বলেন, এটা তেমন কোনো বৈঠক নয়, রুটিন মাফিক বলা যায়। আইএমএফ কোয়ার্টারলি জিডিপি প্রবৃদ্ধির বিষয়ে জানতে চেয়েছে। আমরাও এই বিষয়ে কাজ করছি। তবে এটা বললেই হবে না। আমরা যাদের কাছ থেকে তথ্য নিয়ে প্রবৃদ্ধি প্রকাশ করব তাদেরও সেই প্রস্তুতি থাকা লাগবে। সবাইকে এই বিষয়ে আমরা প্রস্তুত করছি। আইএমএফ প্রতিনিধি আমাদের সঙ্গে কাজ করছে। আমরাও সভা সেমিনার করছি কীভাবে এটা করা যায়। তবে কবে থেকে কোয়ার্টারলি প্রকাশ করতে পারব তা এখন বলা যাবে না। দক্ষিণ এশিয়ায় সবাই এটা করছে আমাদেরও এটা করতে হবে।

মূল্যস্ফীতি নিয়ে আইএমএফ কোনো সুপারিশ বা পরামর্শ দিয়েছে কি না এমন প্রশ্নের জবাবে মহাপরিচালক মতিয়ার রহমান বলেন, তারা কোনো সুপারিশ বা পরামর্শ দেয়নি। তবে আগস্ট মাসে মূল্যস্ফীতির তথ্য দিতে দেরি হয়েছে কেন তার কারণ জানতে চেয়েছে। আমরা বলেছি, এই বিষয়ে তথ্য প্রকাশ করতে আমাদের উপর পর্যায় থেকে অনুমতি নিতে বিলম্বের কারণে দেরি হয়েছে। এছাড়া অন্য কোনো কারণ নেই বলে তাদের জানিয়েছি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com