October 16, 2026, 7:28 pm

জনগণ কষ্টে থাকলে শেখ হাসিনার ঘুম হয় না : সেতুমন্ত্রী

জনগণ কষ্টে থাকলে শেখ হাসিনার ঘুম হয় না : সেতুমন্ত্রী

দেশের চলমান পরিস্থিতিতে জনগণকে একটু ধৈর্য ধরার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণকে বলি, একটু ধৈর্য ধরুন। আপনারা কষ্টে থাকলে শেখ হাসিনার ঘুম হয় না। আপনারা দোয়া করবেন, তিনি যেন সুস্থ থাকেন।

তিনি বলেন, সংবিধান পরিবর্তনের (তত্ত্বাবধায়ক সরকারের বিধান রেখে সংবিধান পরিবর্তন) মতো দাবির দুঃসাহস কী করে হলো? তত্ত্বাবধায়ক সরকারের চিন্তা বিএনপিকে মাথা থেকে নামাতে হবে। সংবিধান অনেক কচুকাটা করেছেন। জনগণ সংবিধানকে আর কচুকাটা করতে দেবে না।

বুধবার রাজধানীর খিলগাঁও মডেল কলেজ মাঠে খিলগাঁও থানা ও ১ ২,৩ ও ৭৫ নং ওয়ার্ড এর ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

খিলগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি লায়ন শরীফ আলী খানের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী। এছাড়াও সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহসভাপতি শহীদ সেরনিয়াবাত, সদস্য সহিদুল ইসলাম মিলন প্রমুখ বক্তব্য রাখেন।

ওবায়দুল কাদের বলেন, দুই তিনটা সমাবেশ করে বিএনপির ভাবখানা এমন যে তারা ক্ষমতায় এসে গেছে, ক্ষমতা এতো সহজ নয়। আগামী ডিসেম্বরে খেলা হবে রাজপথে। বিএনপি সমাবেশের নামে মানুষের ঢলের কথা বলে; ডিসেম্বরে মানুষের গর্জন শুনতে পাবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি বলেন, ফখরুল সাহেব, কোথায় আছেন, আসুন একটু খিলগাঁও। এক দিন আগে জনসভা করেছেন, এর তিন ভাগের এক ভাগ লোকও হয়নি। জনস্রোত তো এখনো দেখেননি। ডিসেম্বরে সমুদ্রের গর্জন শুনতে পাবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির লজ্জা নেই, তাই তারা বিভিন্ন দূতাবাসে গিয়ে শুধু দেশের বিরুদ্ধে নালিশ করে। বিএনপি মনে করে ভারত আমেরিকা তাদের ক্ষমতায় বসিয়ে দেবে।

বিএনপিকে নালিশ পার্টি উল্লেখ করে তিনি বলেন, এদের লজ্জা নেই দেশ বিদেশে নালিশ করে বেড়াচ্ছে। ভারতের প্রধানমন্ত্রীর কাছে নালিশ করে। নরেন্দ্র মোদি আপনাদের ক্ষমতায় বসিয়ে দেবে এমন আশা থেকে বেরিয়ে ভোটের মাঠে আসুন।

দেশের চলমান পরিস্থিতিতে জনগণকে একটু ধৈর্য ধরার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণকে বলি, একটু ধৈর্য ধরুন। আপনারা কষ্টে থাকলে শেখ হাসিনার ঘুম হয় না। আপনারা দোয়া করবেন, তিনি যেন সুস্থ থাকেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com