August 17, 2026, 3:51 pm
বিনিয়োগকারীদের লভ্যাংশ দেওয়ার চাপে পুঁজিবাজারে ভালো কোম্পানি আসে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
তিনি বলেন, ভালো কোম্পানি চায়, তাদের মুনাফা আবার বিনিয়োগ করে ব্যবসা বাড়াতে। কিন্তু বাংলাদেশের পুঁজিবাজারে ভালো কোম্পানি তালিকাভুক্ত হলে, বিনিয়োগকারীদের লভ্যাংশ দেওয়ার একটি চাপ তৈরি হয়। তাই বিনিয়োগকারীদের লভ্যাংশ দেওয়ার চাপের কারণে বাংলাদেশের পুঁজিবাজারে ভালো কোম্পানি তালিকাভুক্ত হতে চায় না।
বুধবার (১২ অক্টোবর) বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) আয়োজিত ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালমান এফ রহমান বলেন, বাংলাদেশের পুঁজিবাজারে কেন ভালো কোম্পানি আসতে চায় না সেটা বুঝতে আমি বেশ কিছু কোম্পানির সঙ্গে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছে, বাংলাদেশের পুঁজিবাজারে আসলে শেয়ারের সঠিক মূল্য পাওয়া যায় না। আর সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে, এই বাজার ডিভিডেন্ড ড্রিভেন, ক্যাপিট্যাল গেইন ড্রিভেন না। অর্থাৎ তালিকাভুক্ত হলে বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে হবেই। কিন্তু ভাল কোম্পানিগুলো চায় তাদের মুনাফা তারা আবার বিনিয়োগ করবে আর ব্যবসা বাড়াবে।
শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, দেশের পুঁজিবাজারের অনেক রকমের সমস্যা চিহ্নিত হয়েছে, সেগুলোর সমাধানও হয়েছে। সব সমস্যার সমাধান করে বাজারের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে দেয়ার পরেও দেশের পুঁজিবাজারের উন্নতি নেই। কারণ বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নেই। রিটেইল মার্কেট দিয়ে এ বাজার বেশিদূর নিয়ে যাওয়া যাবে না।
তিনি বলেন, মার্চেন্ট ব্যাংকের লাইসেন্স তো কম দেয়া হয়নি। সব অনুকূল পরিবেশই আছে। তবে বাজারের এ হাল কেন? ব্যাংকের দক্ষ জনবল আছে তারাই সব কর্ম পরিচালনা করে। বোর্ড শুধু সিদ্ধান্ত দেয়। তাই নতুন নতুন ব্যাংকগুলোও ভালো করছে। কিন্তু বাজারে দক্ষ জনবলের অভাব।
এদিকে বিশেষ অতিথির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত বলেন, বর্তমানে যে পদ্ধতি আছে সেটা আমরা পরিবর্তন করতে চাই না। কারণ আমরা চাই সব কোম্পানি বাংলাদেশের পুঁজিবাজারে না আসুক। কারণ অনেক কোম্পানি আছে তারা এই সুযোগ নিয়ে মানুষের টাকা মেরে দিবে। আমরা সেই সুযোগ বন্ধ করতে চাই। তবে ভালো কোম্পানি আসতে চাইলে আমরা তাদের সুযোগ সুবিধা দিয়ে বাজারে নিয়ে আসব। আমরা নিশ্চিত করব তারা যেন শেয়ারের ভাল দাম পায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএপিএলসির সভাপতি এম আনিস উদ দৌলা, অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএপিএলসির সহ-সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএসই চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, বিএপিএলসির সাবেক সভাপতি আজম জে চৌধুরী, শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের ভাইস চেয়ারম্যান আরিফ খান, বিএপিএলসির সাবেক সহ-সভাপতি রিয়াদ মাহমুদ এবং বিএপিএলসির ইসি সদস্য ও আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মমিনুল ইসলাম।