October 16, 2026, 5:16 pm

বিদ্যুতের দাম নিয়ে নতুন ঘোষণা আসছে

বিদ্যুতের দাম নিয়ে নতুন ঘোষণা আসছে

বিদ্যুতের পাইকারি মূল্য পুনর্নির্ধারণ করে নতুন সিদ্ধান্ত আসছে বৃহস্পতিবার। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিইআরসি তাদের বিজ্ঞপ্তিতে বলেছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো) এর বিদ্যুতের পাইকারি (বাল্ক) মূল্যহার পরিবর্তনের প্রস্তাব/আবেদন সম্পর্কিত কমিশন আদেশ আগামী বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ভার্চুয়াল প্রেস ব্রিফিং এর মাধ্যমে ঘোষণা করা হবে।

নতুন এ সিদ্ধান্তের ফলে ভোক্তা পর্যায়ে যে বিদ্যুতের দাম বাড়ছেই নিশ্চিত করে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়লে ভোক্তা পর্যায়ে তার প্রভাব পড়াটাই স্বাভাবিক।

বিইআরসি সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বিদ্যুতের পাইকারি দর ইউনিট প্রতি ৫.১৭ টাকা নির্ধারণ করে। বিদ্যুতের একক পাইকারি বিক্রেতা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। নিজেরা উৎপাদনের পাশাপাশি বিদেশ থেকে আমদানি ও বেসরকারি মালিকানাধীন বিদ্যুৎ কেন্দ্রের কাছ থেকে বিদ্যুৎ কিনছে। ৫টি বিতরণ কোম্পানির কাছে পাইকারি দরে বিক্রি করে আসছে। আর নিজেরা ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের শহরাঞ্চলে বিতরণ করে যাচ্ছে।

গত মে মাসেও বিদ্যুতের দাম ৫৭ দশমিক ৮৩ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছিল বিইআরসির কারিগরি টিম।

সরকার বর্তমানে পাইকারি রেটে ইউনিট প্রতি ৩ টাকা ৩৯ পয়সা ভর্তুকি দিচ্ছে। পাইকারি রেটে প্রতি ইউনিট ৫ টাকা ১৭ পয়সায় বিক্রি করছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। ভর্তুকি এড়াতে বিউবো প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৩ টাকা ৩৯ পয়সা বাড়িয়ে ৮ টাকা ৫৬ পয়সা করার প্রস্তাব দিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ২ টাকা ৯৯ পয়সা বাড়িয়ে ৮ টাকা ১৬ পয়সা করার সুপারিশ করেছিল বিইআরসি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com