October 13, 2026, 4:02 pm

কমলো স্বর্ণের দাম

কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম আবার কিছুটা কমানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে। সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৮৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম কমে হয়েছে ৮১ হাজার ২৯৮ টাকা।

আগামীকাল মঙ্গলবার থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

গত ১৯ ও ১৫ সেপ্টেম্বর দুই দফা স্বর্ণের দাম কমানো হয়। অবশ্য এরও আগে গত ১১ সেপ্টেম্বর সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ২৮৩ টাকা বাড়ানো হয়েছিল। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় ৮৪ হাজার ৫৬৪ টাকা। দেশের বাজারে এর আগে কখনো স্বর্ণের এতোটা দাম হয়নি।

রেকর্ড দাম নির্ধারণের ১৫ দিনের মাথায় দেশের বাজারে এক মাসে তৃতীয় দফায় স্বর্ণের দাম কমানোর ঘোষণা এলো। ভালো মানের স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে সব ধরণের স্বর্ণের দাম। মান অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয়েছে ৭০০ টাকা থেকে ১ হাজার ৮৬ টাকা পর্যন্ত। তবে রূপার দামে কোনো অপরিবর্তিত আসেনি।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি সোমবার (২৬ সেপ্টেম্বর) বৈঠক করে এই দাম কমানোর সিদ্ধান্ত নেয়। পরবর্তী সময়ে মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ সই করা এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা ২৭ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৮৬ টাকা কমিয়ে ৮১ হাজার ২৯৮ টাকা করা হয়েছে।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৯১ টাকা কমিয়ে ৭৭ হাজার ৬২৪ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা কমিয়ে ৬৬ হাজার ৪৮৫ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৭০০ টাকা কমিয়ে ৫৫ হাজার ১৭১ টাকা করা হয়েছে।

স্বর্ণের দাম কমলেও রুপার আগের নির্ধারিত দামই বহাল রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত ১৯ সেপ্টেম্বর এবং ১৫ সেপ্টেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়। তার আগে ১১ সেপ্টেম্বর এবং ২২ আগস্ট স্বর্ণের দাম বাড়ানো হয়। এর আগে ১৮ আগস্ট স্বর্ণের দাম কিছুটা কমানো হয়েছিলো। তবে তার আগে ৪ ও ৭ আগস্ট এবং ২৭ ও ২৯ জুলাই স্বর্ণের দাম বাড়ানো হয়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com