May 27, 2026, 5:10 pm

ফের বেড়েছে ডিমের দাম, অপরিবর্তিত রয়েছে মুরগির দাম

ফের বেড়েছে ডিমের দাম, অপরিবর্তিত রয়েছে মুরগির দাম

সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে আবারও বেড়েছে ডিমের দাম। ডজনে ডিমের দাম বেড়েছে ১০ টাকা। তবে ডিমের দাম বাড়লেও পেঁয়াজের দাম কিছুটা কমেছে। কেজিতে পেঁয়াজের দাম কমেছে ৫ টাকা।

সপ্তাহের ব্যবধানে ডিম ও পেঁয়াজের দাম পরিবর্তন হলেও অপরিবর্তিত রয়েছে মুরগির দাম। সেই সঙ্গে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ সবজির দামও। পাশাপাশি মাছের দামেও তেমন পরিবর্তন আসেনি। সবজি, মাছ, মুরগি আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ ব্যবসায়ী ডিমের ডজন বিক্রি করছেন ১৩০ টাকা। এক সপ্তাহ আগে ডিমের ডজন ছিল ১২০ টাকা।

ডিমের দাম বাড়ার বিষয়ে রামপুরার ব্যবসায়ী সাদ্দাম হোসেন বলেন, মাঝে ডিমের ডজন ১৬০ টাকা হয়েছিল। সে সময় ডিমের চাহিদা কমে যায়। যার প্রেক্ষিতে দাম কমে ডজন ১২০ টাকা নেমেছিল। তবে এখন আবার ডিমের চাহিদা বেড়েছে। এ কারণে দাম বাড়ছে।

খিলগাঁওয়ের ব্যবসায়ী মো. মিলন বলেন, গত সপ্তাহে এক ডজন ডিম ১২০ টাকা বিক্রি করেছি। কিন্তু দুই-তিন দিন ধরে পাইকারিতে ডিমের দাম বাড়তি। আমাদের ধারণা ডিমের বিক্রি বাড়ায় এই দাম বেড়েছে। তবে ডিমের দাম আর না বাড়ার সম্ভাবনা বেশি।

এদিকে ডিমের দাম বাড়লেও কমেছে পেঁয়াজের দাম। খুচরা ব্যবসায়ীরা দেশি পেঁয়াজের কেজি বিক্রি করছেন ৪০ থেকে ৪৫ টাকা। এক সপ্তাহ আগে পেঁয়াজের কেজি ছিল ৪৫ থেকে ৫০ টাকা। আর পাইকারিতে পেঁয়াজের কেজি ৩০ টাকাতেও বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে পাইকারিতে পেঁয়াজের কেজি ৩৫ টাকার ওপরে ছিল।

পেঁয়াজের এই দাম কমার বিষয়ে কারওয়ান বাজারের ব্যবসায়ী গৌতম বলেন, বাজারে এখন পেঁয়াজের সরবরাহ বেড়েছে। এ কারণে দাম কমেছে।

কিছুদিন আগে অস্বাভাবিক দাম বেড়ে কাঁচা মরিচের কেজি ২০০ টাকা হয়ে যায়। তবে গত সপ্তাহে দাম কমে কাঁচা মরিচের কেজি ৪০ টাকায় নেমে আসে। সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দামে কোনো পরিবর্তন আসেনি। গত সপ্তাহের মতো বেশিরভাগ ব্যবসায়ী এক পোয়া (২৫০ গ্রাম) কাঁচা মরিচ ১৫ টাকায় বিক্রি করছেন। আর এক কেজি কাঁচা মরিচ বিক্রি করছেন ৪০ থেকে ৫০ টাকা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com