August 18, 2026, 4:51 am

ফ্ল্যাট কেনায় পাঁচ শতাংশ সুদে ঋণ দেবে ব্যাংক

ফ্ল্যাট কেনায় পাঁচ শতাংশ সুদে ঋণ দেবে ব্যাংক

পরিবেশবান্ধব বহুতল ভবনে ফ্ল্যাট কেনায় কোনো ধরনের জামানত ছাড়াই ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেয়া যাবে। সুদ হার মাত্র ৫ শতাংশ।সর্বোচ্চ ৭৫০ বর্গফুট আয়তনের ফ্ল্যাটের জন্য এ ঋণ পাবেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। রোববার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

পরিবেশবান্ধব খাতে বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান চারশ কোটি টাকার পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় ফ্ল্যাট কেনায় ঋণের বিষয়টি নতুন করে যুক্ত করা হয়েছে। বিদ্যমান পুনঃঅর্থায়ন তহবিলের সুদ হার সব পর্যায়ে এক শতাংশ করে কমানো হয়েছে।

সব মিলে বর্তমানে পরিবেশবান্ধব হিসেবে বিবেচিত ৬৮টি পণ্যে কম সুদের এ ঋণ নেয়ার সুযোগ রয়েছে। নির্দেশনায় নতুন করে ফ্ল্যাট নির্মাণ ও কেনায় ঋণের বিষয়টি যুক্ত করা হয়। পাম চাষ করলে আশপাশের কৃষি জমির ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে পাম চাষে ঋণ বাদ দেয়া হয়েছে।

পরিবেশবান্ধব খাতে চুক্তিবদ্ধ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক থেকে এতদিন চার শতাংশ সুদে তহবিল পেত। এখন পাবে তিন শতাংশ সুদে। ব্যাংকগুলো গ্রাহক পর্যায়ে পাঁচ থেকে সর্বোচ্চ ছয় শতাংশ সুদে ঋণ দেবে।

এক্ষেত্রে পাঁচ বছরের কম মেয়াদি ঋণে সর্বোচ্চ সুদ হার হবে পাঁচ শতাংশ, পাঁচ থেকে আট বছরের কম মেয়াদে সাড়ে পাঁচ শতাংশ এবং আট বছরের বেশি মেয়াদে ছয় শতাংশ।

সার্কুলারে বলা হয়, পরিবেশবান্ধব বহুতল ভবনে ফ্ল্যাট কেনার ঋণে ১৮ মাসের গ্রেস পিরিয়ডসহ ১০ বছর মেয়াদে ঋণ পাবেন। এর মানে কিস্তি পরিশোধ শুরু হবে দেড় বছর পর।

ব্যক্তির পাশাপাশি ক্ষুদ্র ইউনিট সমন্বিত বহুতলবিশিষ্ট পরিবেশবান্ধব আবাসন নির্মাণেও এ খাত থেকে ঋণ দেয়া হবে। এক্ষেত্রে আবাসন কোম্পানি ৩০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে। কোম্পানির জন্যও সুদ হার, ঋণের মেয়াদ ও গ্রেস পিরিয়ড একই থাকবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com