November 21, 2026, 10:46 pm
বাংলা চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’ খ্যাত এ অভিনেত্রীর জন্মদিন পালন করলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এদিন রাত ৮টার দিকে এফডিসিতে সমিতির কার্যালয়ে কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনসহ সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক ও কার্যনির্বাহী পরিষদের সদস্য চিত্রনায়ক অমিত হাসানসহ অনেকে।
কেক কাটার আগে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রির রাজ্জাক-কবরী বড় ব্যাপার, কত বড় ব্যাপার সেটা আমরা বলে বোঝাতে পারব না। কাকতলীয় ব্যাপার হলো, আমি যখন এর আগে সেক্রেটারি পদে ইলেকশনে দাঁড়িয়ে পাশ করে ক্ষমতায় এসেছিছিলাম তখন রাজ্জাক ভাইয়ের জন্মদিন ছিল। আর আমি এবারে সভাপতি হয়ে কমিটিতে আসার পরে কবরী আপার জন্মদিন পালন করছি।
লিজেন্ড এই দুজনের জন্মদিন পালন করার দায়িত্বটা কীভাবে যেন আমার এবং আমাদের এই কমিটির ওপর এসে পড়ল।’
তিনি আরও বলেন, ‘যদিও আজকে তার জন্মদিন, তবুও মনে পড়ছে তিনি আমাদের মাঝে নেই। এটাই সবচেয়ে বেশি মনে পড়ছে। সে জন্য আমি এবং আমাদের সমিতির পক্ষ থেকে দোয়া করছি। আপনারা যারা দেখছেন তারাও দোয়া করবেন; তাকে যেন সৃষ্টিকর্তা কবুল করেন। তিনি অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে ছিলেন।
আমি দেখেছি আমরা অনেকের সম্পর্কে অনেক কিছু ধারণা করি কিন্তু আমাদের কোরআনে কিন্তু নিষেধ করেছে মনগড়া ধারণা করার ব্যাপারে। সেই ধারণা ভুল হতে পারে। সেই ভুল ধারণার জন্য নিজে গুনাগার হতে পারি। সৃষ্টিকর্তা কখন কার প্রতি সন্তুষ্ট হন আমরা কেউ জানি না। এই বিষয়টা সৃষ্টিকর্তার একান্ত ব্যক্তিগত ব্যাপার।
কাউকে আল্লাহ সম্মান দেন আর কাউকে আল্লাহ অসম্মান করেন। এই বিষয়গুলো আছে। আরেকটা বিষয় বলি যাকে ইচ্ছা তাকে তিনি মাফও করে দিবেন। আমরা যারা চলচ্চিত্রের মানুষ আছি তাদের নিয়ে অনেকে অনেক নেতিবাচক ধারণা করেন। কটাক্ষ করেন। এটা করবেন না। আল্লাহতালা সৃষ্টিকর্তা, তিনি কাকে কিভাবে ভালোবাসেন, কিভাবে কবুল করবেন আমার কেউ জানি না। একদমই তার নিজের ব্যক্তিগত ব্যাপার এটা।’
কবরীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা আজ উনার জন্মদিন পালন করছি। কিন্তু তিনি আমারদের মাঝ থেকে চলে গেছেন। কিন্ত দেখেন সাইমন বললো, অমিত হাসান বললো আপু আপনি যেখানে থাকেন আমার আপনাকে ভালোবাসি। আমি আবারও বলছি কবরী আপা, রাজ্জাক ভাই আপনাদের স্নেহের কথা ভুলে যাইনি। আমরা যতদিন বেঁচে আছি ততদিন আপনাদের স্মরণ করবো।
ততদিন আপনাদের জন্য দোয়া করবো। আমাদের ভক্তদের বলবো যেনো দোয়া করে। সৃষ্টিকর্তার কাছে বলবো আমাদের সকলকে যেন মাফ করে দেন। আমরা যেন সৃষ্টিকর্তার প্রিয়পাত্র হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারি।’