October 14, 2026, 2:04 am
সদ্য সমাপ্ত ২০২১-২২ অর্থবছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়িত হয়েছে ৯২ দশমিক ৭৯ শতাংশ। অন্যান্য বছরের তুলনায় গত অর্থবছরে এডিপি বাস্তবায়নে গতি পেয়েছে। টাকার অঙ্কে মোট খরচ হয়েছে ২ লাখ ৩ হাজার ৭৬৪ কোটি টাকা। এই অর্থবছরে মোট বরাদ্দ ছিল ২ লাখ ১৯ হাজার ৬০২ কোটি টাকা। আলোচ্য অর্থবছরের শুধু জুন মাসেই খরচ হয়েছে ৬১ হাজার ৩৭৭ কোটি টাকা, যা এডিপির ২৭ দশমিক ৯৫ শতাংশ।
এর আগের (২০২০-২১) অর্থবছরে এডিপি বাস্তবায়িত হয় ৮২ দশমিক ১১ শতাংশ। টাকার অঙ্কে ছিল এক লাখ ৭১ হাজার ৮৩৫ কোটি টাকা।
পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, মূল্যায়ন ও পরিবীক্ষণ বিভাগের (আইএমইডি) সাময়িক হিসাবে এসব তথ্য জানানো হয়। মঙ্গলবার (১৯ জুলাই) রাজধানীর শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে আইএমইডি’র দেওয়া তথ্য উপস্থাপন করেন পরিকল্পনামন্ত্রী এম এম মান্নান।
গত অর্থবছরের এডিপি বাস্তবায়নের হারে সন্তোষ প্রকাশ করে পরিকল্পনামন্ত্রী বলেন, গত তিন বছরের মধ্যে সবশেষ বছরে এডিপি সর্বোচ্চ বাস্তবায়ন হয়েছে। তবে বর্ষাসহ নানা সমস্যায় কিছুটা বাধাগ্রস্ত হয়েছে এডিপি বাস্তবায়ন। আমরা এখন থেকে বর্ষাকাল বাদ দিয়ে গ্রীষ্মকালে প্রকল্প বাস্তবায়নে জোর দেবো। ফলে বছর শেষে এডিপি বাস্তবায়নের গতি আরও ভালো হবে। তবে এখন থেকে বছরের শেষ সময়ে কোনো প্রকল্পে অর্থ বরাদ্দ দেওয়া হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রকল্প বাস্তবায়ন করতে হবে।
আইএমইডি’র সাময়িক হিসাবে জানা যায়, ২০১৯-২০ অর্থবছরে এডিপি বাস্তবায়ন হয় ৮০ দশমিক ৩৯ শতাংশ। এছাড়াও ২০১৮-১৯ অর্থবছরে ৯৪ দশমিক ৬৬, ২০১৭-১৮ অর্থবছরে ৯৪ দশমিক ১১ শতাংশ বাস্তবায়ন হয়।