August 18, 2026, 6:28 am

মে মাসে যুদ্ধ বন্ধ হতে পারে, আশা ইউক্রেনের

মে মাসে যুদ্ধ বন্ধ হতে পারে, আশা ইউক্রেনের

আগামী মে মাসের শুরুর দিকে রাশিয়ার চলমান সামরিক অভিযান ও যুদ্ধ বন্ধ হতে পারে বলে জানিয়েছে ইউক্রেন। দেশটির সরকারের এক উপদেষ্টা বলছেন, এখন যে পরিস্থিতি চলছে, তাতে আগামী মে মাসের শুরুতে ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়ার সামরিক বাহিনীর সরঞ্জাম শেষ হয়ে যাবে এবং এতে করে সেসময় যুদ্ধ বন্ধ হতে পারে।

ইউক্রেন সরকারের ওই উপদেষ্টার নাম অলেকসি অ্যারেস্টোভিচ। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। মঙ্গলবার (১৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সোমবার রাতে অলেকসি অ্যারেস্টোভিচ বলেন, আমি মনে করি মে মাসের পরে নয়, মে মাসের শুরুতেই আমরা একটি শান্তি চুক্তি পাবো। এসময় তিনি সামনের মাসগুলোতে দু’টি সম্ভাব্য ফলাফলের রূপরেখা দেন।

তিনি আরও বলেন, আগামী এক বা দুই সপ্তাহের মধ্যে (ইউক্রেন থেকে) সৈন্য প্রত্যাহার এবং সবকিছু-সহ খুব দ্রুত একটি শান্তি চুক্তি সম্পন্ন হবে, অথবা তারা আরও কিছু সময় ইউক্রেনে সিরিয়ান যোদ্ধাদের মতো যোদ্ধাদের রাখার চেষ্টা করবে। তবে যখন আমরা তাদেরও পিষে ফেলব, এরপর এপ্রিলের মাঝামাঝি বা এপ্রিলের শেষের দিকে একটি চুক্তি হতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন এর আগে দাবি করেছিল যে, ইউক্রেনে যুদ্ধের জন্য সিরীয় যোদ্ধাদের নিয়োগ করার চেষ্টা করছে রাশিয়া। যদিও পেন্টাগনের এই দাবি যাচাই করা যায়নি।

এদিকে চলমান সংকট সমাধানে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন রাউন্ড আলোচনা শুরু হয়েছে। সোমবারের মতো মঙ্গলবারও ভিডিওলিংকের মাধ্যমে এই আলোচনা অনুষ্ঠিত হবে। তবে অলেকসি অ্যারেস্টোভিচ ব্যক্তিগতভাবে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনায় সংশ্লিষ্ট নন বলে জানিয়েছে বিবিসি।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com