November 3, 2026, 9:46 am
পুঁজিবাজারে তালিকাভুক্ত মীর আখতার হোসাইন লিমিটেডের ২৪৯ কোটি ৯০ লাখ টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমবার (১৪ মার্চ) অনুষ্ঠিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মীর আখতারের চার বছরে মেয়াদি ২৪৯ কোটি ৯০ লাখ টাকার নন-কনভার্টেবল, আনসিকিউরড জিরো কুপন বন্ডের অনুমোদন করা হয়েছে।
এ বন্ডের ইস্যু মূল্য ২০৭ কোটি ১৮ লাখ টাকা। যার ইউনিটপ্রতি অভিহিত মূল্য পাঁচ লাখ টাকা। বন্ডটির মার্কেট মূল্য বিবেচনায় ৭-৯ শতাংশ ডিসকাউন্টে ইস্যু করা হবে। বন্ডটি ১৮ মাস হতে শুরু হয়ে ৬ মাস অন্তর মোট ৪৮ মাসের মধ্যে ৬টি মেয়াদে সম্পূর্ণ অর্থ অভিহিত মূল্যে পরিশোধ করা হবে।
এ বন্ড ছেড়ে উত্তোলন করা অর্থ দিয়ে মীর আখতার ঋণ পুনঃঅর্থায়ন ও মূলধনী যন্ত্রপাতি বৃদ্ধির কাজে ব্যবহার করবে।
বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ও লীড অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়া বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।