August 18, 2026, 7:09 am

প্রথম তিন বছর কমপক্ষে ১৫ শতাংশ লভ্যাংশ দেবে কৃষিবিদ সিড

প্রথম তিন বছর কমপক্ষে ১৫ শতাংশ লভ্যাংশ দেবে কৃষিবিদ সিড

শেয়ারবাজারে এসএমই প্লাটফর্ম থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া কৃষিবিদ সিডের কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) আবেদন গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির কিউআইও আবেদন গ্রহণ আগামী ২০ মার্চ থেকে শুরু হবে। এ আবেদন গ্রহণ চলবে ২৪ মার্চ পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে কোম্পানিটির পরিচালনা পরিষদ ঘোষণা করেছে, তালিকাভুক্তির পর প্রথম তিন বছর বিনিয়োগকারীদের কমপক্ষে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

গত ৩১ জানুয়ারি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮০৯তম সভায় স্মলক্যাপ কোম্পানিটিকে শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন দেয়া হয়।

কোম্পানিটি কিউআইও’র মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যে ১ কোটি ১৬ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১১ কোটি ৬০ লাখ টাকা সংগ্রহ করবে। সংগ্রহীত অর্থ দিয়ে কোম্পানিটি কোল্ড স্টোরেজ, স্টোরেজ বিল্ডিং, বীজ গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এবং ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত (জুলাই-সেপ্টেম্বর, ২০২১) সমাপ্ত তিন মাসের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬০ টাকা এবং পুনর্মূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৬০ টাকা।

২০১৬ সাল থেকে কাজ শুরু করে প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের বীজ উৎপাদন করে আসছে। কোম্পানিটির চেয়ারম্যান মো. আলি আফজাল ও ব্যবস্থাপনা পরিচালক শরিফ মোহাম্মদ তাসলিম রেজা ।

২০১৭-১৮ অর্থবছরে ৪৪ লাখ ৫৩ হাজার টাকা মুনাফা করেছে কৃষিবিদ সিড। পরের অর্থবছরে মুনাফা করেছে ৫০ লাখ টাকা। এর পর থেকে প্রতিষ্ঠানটির মুনাফা বাড়তে শুরু করে।

কৃষিবিদ সিড লিমিটেডের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরে ১ কোটি ৫ লাখ টাকা এবং ২০২০-২১ সালে ১ কোটি ৮৭ লাখ টাকা মুনাফা করেছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com