October 16, 2026, 3:14 am

নারীর সমান অধিকার নিশ্চিতের দাবি

নারীর সমান অধিকার নিশ্চিতের দাবি

উত্তরাধিকারসহ পারিবারিক সম্পদ ও সম্পত্তিতে নারীর সমান অধিকারের দাবি করছেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) সভাপতি রোকেয়া কবীর। বৃহস্পতিবার (১০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি দাবি করেন।

রোকেয়া কবীর বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও বৈষম্যমূলক ধর্মভিত্তিক পারিবারিক আইনের বলে উত্তরাধিকারসহ পারিবারিক সম্পদ-সম্পত্তিতে সমান অধিকার পাওয়া থেকে বাংলাদেশের নারীরা বঞ্চিত হচ্ছে, যা সুস্পষ্টভাবে রাষ্ট্রের ৫০ ভাগ জনগোষ্ঠী নারীর মানবাধিকার এবং সংবিধানের লঙ্ঘন।

তিনি আরও বলেন, আমরা নারীর সম-অধিকার আদায়ের লক্ষ্যে আইন কমিশনের কাছে স্মারকলিপি দিয়েছি।

বিএনপিএস’র উপ-পরিচালক শাহনাজ সুমী বলেন, দেশের নাগরিকের অধিকার রক্ষা এবং ন্যায়বিচারের স্বার্থে বাংলাদেশের সব আইন প্রণীত হয়েছে সংবিধানের আলোকে ইউরোপীয় সিভিল আইনের আদলে। শুধু নারী অধিকার খর্বকারী এই পারিবারিক আইনটিই হয়েছে ধর্মীয় বিধানকে অবলম্বন করে। একটি স্বাধীন দেশে এমন দ্বৈত ব্যবস্থা চলতে পারে না।

বাংলাদেশ মহিলা পরিষদের মাখদুমা নার্গিস রত্না বলেন, আমাদের সংবিধানের ২৭ এবং ২৮ অনুচ্ছেদে সমতার কথা বলা আছে। দেশে নারীর মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জন্য অনেক আইন আছে। কিন্তু উত্তরাধিকার আইনের ক্ষেত্রে ধর্মীয় দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দেওয়া হয়েছে, যা সংবিধানের সম-অধিকারকে ক্ষুণ্ণ করে।

স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার বলেন, উত্তরাধিকারে সমান অধিকার না থাকা- নারীর অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ক্ষমতায়নের পথেও বাধা হয়ে দাঁড়াচ্ছে। একই সঙ্গে নারীর প্রতি সহিংসতা বাড়ছে। এছাড়া উত্তরাধিকারে সমান অধিকার না থাকায় শিশু বয়স থেকেই পরিবারে মেয়ে শিশুকে লালন-পালন করা হয়, মূলত একটা উপযুক্ত পাত্র দেখে বিয়ে দিয়ে অন্য বাড়িতে পাঠিয়ে দেওয়া জন্য। পরিবারের এই মানসিকতা বাল্যবিয়ে বৃদ্ধি করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক তানজীম উদ্দিন খান বলেন, পরিবারের দ্বিতীয় শ্রেণির সদস্য হিসেবে গণ্য হওয়া নারীর প্রতি বৈষম্য-নির্যাতন হতে দেখে, অপর সদস্যদের মধ্যেও পুরুষ আধিপত্য ও অগণতান্ত্রিক মানসিকতার চর্চা বিকাশ লাভ করে।

সংবাদ সম্মেলনে অতিথি আলোচক হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ মহিলা পরিষদের সহ-সভানেত্রী মাখদুমা নার্গিস রত্না, স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর অর্পিতা দাস, এডাবের সমাপিকা হালদার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক তানজীমউদ্দিন খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com