October 16, 2026, 2:28 am

উদ্ধার কাজের জন্য হেলিকপ্টার-হোভারক্রাফট কেনা হবে: প্রতিমন্ত্রী

উদ্ধার কাজের জন্য হেলিকপ্টার-হোভারক্রাফট কেনা হবে: প্রতিমন্ত্রী

দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে হেলিকপ্টার এবং হোভারক্রাফট কেনা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে দুই হাজার ২৭২ কোটি টাকার উদ্ধার সামগ্রী ও যন্ত্রপাতি কেনা হবে। একই সঙ্গে হেলিকপ্টার এবং হোভারক্রাফটও কেনা হবে।

রোববার (৬ ফেব্রুয়ারি) ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২২’ উপলক্ষে আয়োজিত ভূমিকম্প এবং অগ্নিকাণ্ডে সচেতনতা বৃদ্ধি মহড়ায় প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী।

ডা. মো. এনামুর রহমান বলেন, বিভাগীয় এবং জেলা শহরের জন্য ৬৫ ও ৫৫ মিটার উচ্চতায় উদ্ধার কার্যক্রম চালানোর লক্ষ্যে উন্নত মানের মই কেনা হবে। যেকোনো দুর্যোগে উদ্ধার কার্যক্রম চালানোর ক্ষেত্রে উন্নত দেশের মতো সক্ষমতা অর্জনে সরকার কাজ করছে।

তিনি বলেন, সারাদেশে সিপিপিসহ (ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি) আমাদের প্রায় ৪২ লাখ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক রয়েছেন। যেকোনো দুর্যোগে তারা জানমাল রক্ষায় এগিয়ে আসেন। ফলে দুর্যোগ মোকাবিলা আমাদের জন্য অনেক সহজ হয় এবং দুর্যোগে ক্ষয়ক্ষতি কম হয়। আর এজন্যই সারাবিশ্বে দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ আজ অনুকরণীয় হিসেবে পরিচিতি লাভ করেছে।

প্রতিমন্ত্রী বলেন, পূর্ব প্রস্তুতি থাকলে যে কোনো দুর্যোগ মোকাবিলা সহজ হয়। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে অগ্নিকাণ্ড হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কারণ সেখানে অগ্নিকাণ্ডের এক মাস পূর্বে সচেতনতামূলক মহড়ার আয়োজন করা হয়েছিল। আজকের এ মহড়ার মধ্য দিয়ে এই হাসপাতালের কর্মরতদের সচেতন করা হলো। আশা করি ভবিষ্যতে এখানে কোনো দুর্যোগ হলে এখানকার কর্মকর্তা-কর্মচারীরা তা মোকাবিলায় তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পারবেন।

দেশের মানুষদের অগ্নিকাণ্ডসহ বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবিলায় সচেতন করার লক্ষ্যে সারাদেশে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান। বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ এবং বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম খান।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com