October 14, 2026, 4:57 am
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দামামায় প্রতি ব্যারেলের দর ১২০ ডলারের কাছাকাছি পৌঁছেছে।
যেভাবে বাড়ছে, তাতে যেকোনো মুহূর্তে ১২০ ডলার ছাড়িয়ে যাবে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে ব্রেন্ট অপরিশোধিত তেলের দর প্রায় ৪ শতাংশ বেড়ে ১১৮ ডলার ছাড়িয়েছে। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেল প্রতি ব্যারেল একই পরিমাণ বেড়ে ১১৪ ডলারের বেশি দামে বিক্রি হচ্ছে।
ব্রেন্ট তেলের এই দাম গত ৯ বছরের মধ্যে সর্বোচ্চ। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১১ বছরের মধ্যে বেশি।
রয়টার্স বলেছে, ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার ওপর নানা নিষেধাজ্ঞার কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহে তীব্র সংকট দেখা দেয়ায় দাম বাড়ছে।
এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত বহু বছরের সর্বনিম্নে নেমে গেছে।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ব্রেন্ট ক্রুড ফিউচার প্রতি ব্যারেল ১১৮ ডলার ২২ সেন্টে পৌঁছেছে, যা ২০১৩ সালের ফেব্রুয়ারির পর সর্বোচ্চ।
আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ওয়েল প্রতি ব্যারেল ১১৪ ডলার ৭০ সেন্টে বিক্রি হচ্ছে। এই দর ১১ বছরের মধ্যে সর্বোচ্চ।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর এক লাফে ব্রেন্ট ক্রুড ওয়েলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যায়। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ওয়েলের দর প্রায় ১০০ ডলারে পৌঁছে।
এরপর দুই-তিন দিন খানিকটা কমে দুই ধরনের তেলের দামই ১০০ ডলারের নিচে নেমে আসে, কিন্তু ইউক্রেন সংকট এবং রাশিয়ার বিরুদ্ধে নানা ধরনের নিষেধাজ্ঞার কারণে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় মঙ্গলবার থেকে দাম ফের বাড়ছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।