August 18, 2026, 11:02 am

১০ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি

১০ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে যোগ্য ব্যক্তিদের নাম সুপারিশের জন্য রাষ্ট্রপতি কর্তৃক গঠিত সার্চ কমিটি ১০ জনের নাম চূড়ান্ত করেছে। কমিটির চলমান সপ্তম বৈঠকে নামগুলো চূড়ান্ত করা হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, এই ১০ জনের নাম মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। আগামী বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন সার্চ কমিটির সদস্যরা।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এ বিষয়ে ব্রিফিং করবেন বলে জানা গেছে।

এদিকে বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে বৈঠকে বিরতি দিয়ে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সার্চ কমিটির সদস্যরা। এ সময় প্রধান বিচারপতির পক্ষ থেকে সার্চ কমিটির সবাইকে সুপ্রিম কোর্টের প্রকাশনা সামগ্রী দেওয়া হয়। প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বিকেল সাড়ে ৫টার দিকে আবারও বৈঠকে বসে সার্চ কমিটি।

এর আগে বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে শেষ বৈঠকে বসে সার্চ কমিটি। সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বৈঠকে সভাপতিত্ব করছেন।

গত রোববার সন্ধ্যায় ৬ষ্ঠ বৈঠক শেষে সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবাদুল হাসান সাংবাদিকদের জানিয়েছিলেন, আজকের (মঙ্গলবার) বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করা হবে। তবে তাদের নাম প্রকাশ করা হবে না।

উল্লেখ্য, গত ১২, ১৩ ও ১৫ ফেব্রুয়ারি তিন দিনে চার দফায় বিভিন্ন শ্রেণি-পেশার মোট ৪৭ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি। বিশিষ্টজনরা নির্বাচন কমিশনার হিসেবে কাদের নাম দেওয়া যেতে পারে সে ব্যাপারে সার্চ কমিটিকে পরামর্শ দেন।

এর আগে সার্চ কমিটি বিভিন্ন রাজনৈতিক দল ও আগ্রহী ব্যক্তিদের নির্বাচন কমিশনার হওয়ার যোগ্য ব্যক্তিদের নাম পাঠানোর অনুরোধ করেছিল। সেই অনুরোধে সাড়া দিয়ে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তি ও সংগঠন মোট ৩২২ জনের নাম পাঠায়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com