July 21, 2026, 5:13 pm

প্রেমের টানে বাংলাদেশে আসা সেই তরুণীকে ভারতে ফেরত

প্রেমের টানে বাংলাদেশে আসা সেই তরুণীকে ভারতে ফেরত

প্রেমের টানে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে চলে আসা তরুণী খুসনামাকে (১৭) ভারতে ফেরত পাঠানো হয়েছে। তার বাড়ি ভারতের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার হরিয়ানি গ্রামে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতে ফেরত পাঠানো হয়। এসময় ওই কিশোরীর বাবা-মাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার পুরাতন বাজারের তেলীপাড়া এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো লাইনের মেইন পিলার ৪৪২ ও ৪৪৩ এর মধ্যবর্তী জায়গায় বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবি তেঁতুলিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মো. আব্দুল মোতালেব, তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তপন কুমার, ভারতের ২৭৬ বিএসএফ ব্যাটালিয়নের অ্যাসিসট্যান্ট কমান্ড্যান্ট কামাল সিং, ইন্সপেক্টর উপেন্দ্র সিং, প্রমোদ কুমার, ভারতের গোয়ালপুকুর থানার কনস্টেবল দিলিপ কুমার সরকারসহ উভয় দেশের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিজিবি ও পুলিশ খুসনামাকে বিএসএফের হাতে সোপর্দ করে। পরে বিএসএফ তাকে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে।

ভারতের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার হরিয়ানি গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে খুসনামা। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সে তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া সীমান্তের মহানন্দা নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশি জিজ্ঞাসাবাদে ভারতীয় ওই কিশোরী দাবি করে, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রতনদিঘী গ্রামের ইসরাইল হোসেনের ছেলে আব্দুল লতিফ ওরফে রকিবের (২১) সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে তারা বিয়ে করে। প্রেম ও বিয়ের টানেই কাঁটাতার ও আন্তর্জাতিক সীমারেখা পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে সে। তবে পুলিশের কাছে সে বিয়ের কোনো প্রমাণপত্র দেখাতে পারেনি।

তবে ভারতীয় সীমান্ত পেরিয়ে ওই কিশোরী তার প্রেমিকের সঙ্গেই বাংলাদেশে প্রবেশ করে বলে ধারণা স্থানীয়দের।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com