August 18, 2026, 1:26 pm

মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তার বিরুদ্ধে তহবিল আত্মসাতের অভিযোগ

মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তার বিরুদ্ধে তহবিল আত্মসাতের অভিযোগ

বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের মাধ্যমে তহবিল আত্মসাৎ এবং অবৈধভাবে নিজ ব্যাংকের শেয়ার কেনাসহ নানা অভিযোগ উঠেছে মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা ও সাবেক পরিচালক আ. ক. ম. সাহিদ রেজার বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে ব্যাংকটির উদ্যোক্তা ও সাবেক পরিচালকের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এদিকে ওই তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের কাছে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা ও সাবেক পরিচালক আ. ক. ম. সাহিদ রেজার গৃহীত ঋণের তথ্যও চেয়েছে কমিশন।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে এ সংক্রান্ত একটি চিঠি বিএসইসি থেকে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গভর্নরের কাছে পাঠানো চিঠিতে বিএসইসি উল্লেখ করেছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ধারার ২১(২এ) অনুযায়ী মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা ও সাবেক পরিচালক আ. ক. ম. সাহিদ রেজার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে আদেশ জারি করেছে বিএসইসি। ওই আদেশের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আ. ক. ম. সাহিদ রেজারর বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির তদন্তের প্রয়োজনে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হতে গৃহীত ঋণে তথ্য প্রয়োজন। তাই এ পরিস্থিতিতে তদন্ত কমিটিকে প্রয়োজনীয় তথ্য প্রদানের জন্য আপনাদের বিনীত অনুরোধ করা হলো।

বিএসইসি সূত্রে জানা গেছে, কোনো ঘোষণা ছাড়াই অবৈধভাবে মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা ও সাবেক পরিচালক আ. ক. ম. সাহিদ রেজা সংশ্লিষ্ট ব্যাংকের শেয়ার কিনেছেন। এছাড়া তিনি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে তহবিল আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। তাই সার্বিক বিষয়টি তদন্ত করা প্রয়োজন বলে মনে করে বিএসইসি। এরই ধারাবাহিকতায় গত বছরের ডিসেম্বর মাসের শেষের দিকে এ সংক্রান্ত একটি তদন্ত কমিটি গঠন করে বিএসইসি।

এদিকে তদন্ত কমিটি গঠনের বিষয়ে বিএসইসি’র জারি করা আদেশে উল্লেখ করা হয়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর ধারা ২১ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ১৫নং আইন) এর ধারা ১৭ক অনুযায়ী তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত তদন্ত কমিটিতে বিএসইসির কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হলো। তদন্ত কমিটি মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা ও সাবেক পরিচালক আ. ক. ম. সাহিদ রেজার বিরুদ্ধে অবৈধভাবে নিজ ব্যাংকের শেয়ার কেনা এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের মাধ্যমে তহবিল আত্মসাতের অভিযোগ তদন্ত করে দেখবে। তদন্ত কর্মকর্তারা এ আদেশ জারির ৩০ কার্যদিবসের মধ্যে বিএসইসি’র কাছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দেবেন।

বিএসইসি’র গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন- যুগ্ম পরিচালক মো. সাইফুল ইসলাম, উপ-পরিচালক মো. মুস্তাফিজুর রহমান উপ-পরিচালক মাওদুদ মোমেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com