October 15, 2026, 5:05 pm

নিয়োগ পাচ্ছেন ৩৬ হাজার শিক্ষক

নিয়োগ পাচ্ছেন ৩৬ হাজার শিক্ষক

সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের জন্য নির্বাচিত ৩৬ হাজার শিক্ষকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। এ লক্ষ্যে সোমবার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

শিক্ষামন্ত্রী আইসোলেশনে থাকায় সংবাদ সম্মেলনে যোগ দিবেন ভার্চুয়ালি। রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে শিক্ষক পদের নিয়োগ পাওয়া ২ হাজার ৬৫ জন প্রার্থীর প্রতিনিধিদের হাতে নিয়োগপত্র এবং এনটিআরসিএর সুপারিশ পাওয়া ৩৪ হাজার ৭৩ জন প্রার্থীর হাতে সুপারিশপত্র তুলে দেওয়ার কথা ছিল শিক্ষামন্ত্রী দীপু মনির। তবে স্বামী বিশিষ্ট আইনজীবী ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ড সদস্য ড. তৌফিক নেওয়াজ শনিবার রাতে কোভিড পজিটিভ হওয়ার পর থেকে তিনি (শিক্ষামন্ত্রী) আইসোলেশনে আছেন।

এ বিষয়ে জানতে চাইলে, শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, শিক্ষামন্ত্রীর স্বামীর করোনা শনাক্ত হওয়ার খবরে গতকাল রাত থেকে মন্ত্রী মহোদয় আইসোলেশনে আছেন। সে কারণে
সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র তুলে দেওয়ার জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সশরীরে অংশ নেবেন না, ভার্চুয়ালি যোগ দেবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, পুলিশ ভেরিফিকেশন চলমান অবস্থায় ৩৪ হাজার ৭৩ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিক সুপারিশ করা হয়েছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে ২ হাজার ৬৫ জনকে নির্বাচিত করা হয়েছে।

সংশ্লিষ্ট প্রার্থীকে আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সুপারিশপত্র ডাউনলোড করে সুপারিশপত্রে উল্লিখিত তারিখের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বাকি প্রার্থীদের মধ্যে চার হাজার ১৯৮ জনের পুলিশ ভেরিফিকেশনের ভি রোল ফরম না পাঠানো, নয়জনের প্রতিষ্ঠান সরকারিকরণ হওয়া, তিনজনের নিয়োগ বিজ্ঞপ্তির ১০ নম্বর শর্ত ভঙ্গ করে মহিলা শিক্ষাপ্রতিষ্ঠানে শরীরচর্চা শিক্ষক পদে আবেদন করাসহ বিভিন্ন কারণে মোট চার হাজার ২১০ জন প্রার্থীকে সুপারিশ করা হয়নি। যে প্রার্থীদের সুপারিশ করা হয়নি, তাদের তালিকা এনটিআরসিএ ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

যে প্রার্থীরা ভি রোল ফরম পাঠাননি, তাদের আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে এনটিআরসিএ অফিসে সরাসরি অথবা রেজিস্টার্ড ডাকযোগে জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com