July 21, 2026, 4:47 pm

মরদেহ গাড়িতে ফেলে পালিয়ে গেলেন সহকর্মীরা

মরদেহ গাড়িতে ফেলে পালিয়ে গেলেন সহকর্মীরা

মাদারীপুরের শিবচরে থ্রী হুইলার থেকে মো. শফিকুল ইসলাম (২৮) নামের এক ওষুধ বিক্রয় প্রতিনিধির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শফিকুল দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করলে মরদেহ ফেলে সহকর্মীরা পালিয়ে যান বলে পুলিশ ধারণা করছে।

পুলিশ মরদেহ উদ্ধার ও দুর্ঘটনাকবলিত উভয়ই স্থানই পরিদর্শন করেছে।

পুলিশ জানায়, বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে শিবচর পৌরসভার শেখ হাসিনা সড়কে একটি থ্রী হুইলারে একজনের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা শিবচর থানায় খবর দেয়। খবর পেয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ও থ্রী হুইলারটি জব্দ করে।

পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয় নিহত যুবক বরগুনা জেলার বামনা উপজেলার সোনাখালী গ্রামের নুরুল হকের ছেলে শফিকুল ইসলাম। তিনি শিবচরে কিউ রেক্স কোম্পানিতে কর্মরত।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে শফিকুল দুজন সহকর্মীকে নিয়ে মাহেন্দ্রতে চড়ে শিবচরের মাদবরচরের বিভিন্ন বাজারে ওষুধ বিক্রি করে ফিরছিলেন। খাড়াকান্দি এলাকায় পৌঁছালে ড্রেজারের পাইপে লেগে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির মাহেন্দ্রটি উল্টে গিয়ে গাড়ির নিচেই শফিকুল চাপা পড়েন।
সঙ্গে থাকা দুজন সহকর্মী স্থানীয়দের সহযোগিতায় ওই মাহেন্দ্র গাড়িতে গুরুতর আহত মো. শফিকুল ইসলামকে নিয়ে শিবচর হাসপাতালের উদ্দেশে রওনা হন। শিবচর পৌরসভার শেখ হাসিনা সড়কে পৌঁছালে মো. শফিকুল ইসলাম মৃত্যুবরণ করেন। পরে ভয়ে মৃতদেহ মাহেন্দ্র গাড়িতে রেখেই সহকর্মীরা পালিয়ে যান।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে আমরা নিশ্চিত হয়েছি। গুরুতর আহত শফিকুলকে কে বা কারা রেখে পালিয়ে গেছে সেটি আমরা নিশ্চিত নই। তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com