August 18, 2026, 7:26 pm

আজ থেকে ১০ দিন গ্যাস সংকটের শঙ্কা

আজ থেকে ১০ দিন গ্যাস সংকটের শঙ্কা

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কারিগরি কারণে আজ থেকে টানা ১০দিন গ্যাসের ঘাটতি সৃষ্টির শঙ্কা করছে জ্বালানি বিভাগ। পেট্রোবাংলা ও তিতাস প্রায় ১০ দিন গ্যাসের স্বল্প চাপ থাকবে বলে জানিয়েছে।

তিতাস বুধবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘কারিগরি কারণে আগামী ১২ থেকে ২১ জানুয়ারি তিতাস অধিভুক্ত এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।’

এ ছাড়া বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদও বুধবার তার ফেসবুক পেইজে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘কারিগরি কারণে ১২ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত তিতাস গ্যাস অর্ন্তগত এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।’

সূত্র বলছে, শেভরন বাংলাদেশ পরিচালিত গ্যাসক্ষেত্র বিবিয়ানা সংস্কারে গেছে। এতে প্রতিদিন অন্তত ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হতে পারবে না। এছাড়া সামিটের এলএনজি টার্মিনালের মুরিং ছিঁড়ে যাওয়ায় প্রতিদিন ঘাটতি রয়েছে সর্বোচ্চ সাড়ে ৪০০ মিলিয়ন ঘনফুট। এতে দৈনিক গ্যাস ঘাটতির পরিমাণ দাঁড়াবে ৫০০ মিলিয়ন ঘনফুট।

পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান জানান, আমরা মনে করেছিলাম, বুধবার থেকে সংকট শুরু হবে। কিন্তু বিষয়টি সেভাবে টের পাওয়া যায়নি। বৃহস্পতিবার থেকে গ্যাস ঘাটতি হতে পারে। তবে এর মধ্যে কয়েকটি কূপের ওয়ার্কওভার শেষ হওয়ার কথা। এটি হয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে। বিবিয়ানার কারণে ৫০ এবং সামিটের এলএনজি টার্মিনালের কারণে আরও ৪৫০ অর্থাৎ সবে মিলিয়ে ৫০০ মিলিয়ন ঘনফুটের ঘাটতি হবে।

গত ১৮ নভেম্বর সামিটের এলএনজি টার্মিনালের মুরিং ছিঁড়ে যায়। এতে টার্মিনালটিতে কোনও এলএনজিবাহী কার্গো ভিড়তে পারছে না। মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল দিয়ে দিনে একশ’ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব। বছরের কোনও কোনও সময় দিনে ৯০ কোটি ঘনফুট গ্যাসও সরবরাহ করা হয়। শীতে পাইপলাইনের ভেতর পানি জমায় গ্যাসের সংকট দেখা দেয়। এ ছাড়া তাপমাত্রা কমে যাওয়ায়ও এই সমস্যা দেখা দেয়। এখনও শীত জেঁকে না বসায় ঘাটতিটা চোখে পড়ছে না। সরকারের তরফ থেকে বলা হয়েছে, আগামী ১৫ জানুয়ারির আগে এই পরিস্থিতি স্বাভাবিক হবে না। মুরিংটি ঠিক করতে এ সময়টুকু লাগবে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com