July 21, 2026, 5:19 pm

৬ শতাংশ ছাড়ালো মূল্যস্ফীতি, বিপাকে সাধারণ মানুষ

৬ শতাংশ ছাড়ালো মূল্যস্ফীতি, বিপাকে সাধারণ মানুষ

খাদ্যসহ ভোগ্য পণ্যের দামের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে সদ্যবিগত বছরের শেষ মাস ডিসেম্বরে মূল্যস্ফীতি ছয় শতাংশের কোঠা ছাড়িয়ে গেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বৃহস্পতিবার হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে, তাতে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে গত মাসে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক শূন্য ৫ শতাংশ।

অর্থাৎ ২০২০ সালের ডিসেম্বর মাসে দেশের মানুষ যে পণ্য বা সেবা ১০০ টাকায় পেয়েছিল গত মাসে সেই সেবা বা পণ্য কিনতে ১০৬ টাকা ০৫ পয়সা দিতে হয়েছে।

পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির এই হার ২০২১ সালের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০২০ সালের ডিসেম্বরে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ২৯ শতাংশ।

২০২১ সালের ১২ মাসের মূল্যস্ফীতির গড় দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৪ শতাংশ, যার আগের বছর ছিল ৫ দশমিক ৬৯ শতাংশ। গড় মূল্যস্ফীতির আগের বছরের চেয়ে কম থাকলেও সরকারের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না নিয়ে সংশয় প্রকাশ করার সুযোগ আছে।

চলতি ২০২১-২২ অর্থবছরে গড় মূল্যস্ফীতি ৫ দশমিক ৩০ শতাংশের মধ্যে বেধেঁ রাখার লক্ষ্য নিয়েছে সরকার। আগের অর্‌থবছরে ৫ শতাংশে বেঁধে রাখার লক্ষ্য ছিল সেটাও অর্জিত হয়নি।

বিবিএসের তথ্য অনুযায়ী, গত নভেম্বরে পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৯৮ শতাংশ; অক্টোবরে ছিল ৫ দশমিক ৭০ শতাংশ।

গত বছর অগাস্ট থেকে মূল্যস্ফীতির পারদ চড়ছে। সে মাসের মূল্যস্ফীতি হয়েছিল ৫ দশমিক ৩৬ শতাংশ। ক্রমেই তা বেড়ে ৬ শতাংশ ছাড়াল।

ডিসেম্বর মাসে খাদ্য উপখাতে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৪৬ শতাংশ। আগের বছরের ডিসেম্বর মাসে এই হার ছিল ৫ দশমিক ৩৪ শতাংশ।

পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে ডিসেম্বর মাসে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেশি বেড়ে ৭ শতাংশে ওঠেছে, যা আগের বছর একই সময়ে ছিল ৫ দশমিক ২১ শতাংশ।

বিবিএসসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ডিসেম্বরে গ্রামেও সাধারণ মূল্যস্ফীতি বেড়ে ৬ দশমিক ২৭ শতাংশ হয়েছে, যা আগের বছরের এই মাসে ছিল ৫ দশমিক ২৮ শতাংশ।

এ মাসে গ্রামে খাদ্যে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৯৩ শতাংশ, যা আগের বছরের ডিসেম্বরে ছিল ৫ দশমিক ৬০ শতাংশ।

আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ব্যাপক বেড়েছে। আগের বছরের ডিসেম্বরের ৪ দশমিক ৬৭ শতাংশ থেকে বেড়ে ৬ দশমিক ৯৪ শতাংশে ওঠেছে।

অপরদিকে শহরাঞ্চলে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে ৫ দশমিক ৬৬ শতাংশ হয়েছে। আগের বছর একই সময়ে ছিল ৫ দশমিক ৩১ শতাংশ।

পয়েন্ট টু পয়েন্ট হিসাবে গেল ডিসেম্বরে শহরাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমে ৪ দশমিক ৪১ শতাংশ হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ দশমিক ৭৭ শতাংশ।

আর শহরে এ সময়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ৭ দশমিক ০৭ শতাংশে উন্নীত হয়েছে। আগের বছর একই সময়ে যা ছিল ৫ দশমিক ৯৩ শতাংশ।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com