October 15, 2026, 7:33 am
আগামী বছর থেকে অবৈধ রিকশা, অনুমোদনহীন রিকশা এবং ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান চালানো হবে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে দক্ষিণ সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের ১১তম বোর্ড সভায় তিনি এই ঘোষণা দেন।
এর আগে ২০২০ সালে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান চালায় ডিএসসিসি। তখন একটি ঘটনায় সমালোচনার মুখে অভিযান বন্ধ করে দেওয়া হয়।
শেখ তাপস বলেন, আগামী বছর থেকে অবৈধ রিকশা, অনুমোদনহীন রিকশা এবং ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে আমরা অভিযান শুরু করবো। সেজন্য আপনাদের সহযোগিতা ও সহায়তা প্রয়োজন হবে। আমি আশাবাদী, আপনারা সেই সহযোগিতা করবেন।
ঢাকা শহরের যান চলাচল ব্যবস্থাপনা শৃঙ্খলাবদ্ধ করতে ও নিয়মের মধ্যে নিয়ে আসতে বিভিন্ন সড়কে পর্যাপ্ত রিকশা রাখার স্থানের ব্যবস্থা করা হবে জানিয়ে মেয়র বলেন, আপনারা জানেন এরই মধ্যে রিকশা নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করছি। দীর্ঘ ৩৪ বছর পর রিকশার নিবন্ধন চলছে। অনেক জটিলতা ছিল, অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে কার্যক্রমগুলো প্রায় সমাপ্তির দিকে নিয়ে এসেছি। আমরা যেমন গাড়ি রাখার স্থান তৈরি করবো তেমনি রিকশা রাখার স্থানও তৈরি করা হবে। সেখান থেকেই যাত্রীরা রিকশায় উঠবেন, সেবা নেবেন। এভাবে আমরা ঢাকা শহরের যানচলাচল ব্যবস্থা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবো ইনশাআল্লাহ।
সভায় করপোরেশনের কাউন্সিলররা ছাড়াও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক ও প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন উপস্থিত ছিলেন।