October 13, 2026, 11:39 pm

মানুষের স্বপ্ন পূরণে কাজ করছে রিহ্যাব: বাণিজ্যমন্ত্রী

মানুষের স্বপ্ন পূরণে কাজ করছে রিহ্যাব: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেছেন, মানুষের স্বপ্ন পূরণে কাজ করছে রিহ্যাব। দেশের আবাসন ব্যবসায় কোন ধাক্কা লাগলে অন্যসব লিংকেজ ব্যবসায়ও এর ধাক্কা লাগবে। এতে সাধারণ মানুষের আবাসনের স্বপ্ন পূরণে বাধা হবে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচ দিনব্যাপী রিহ্যাবের আবাসন মেলা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেন, সম্প্রতি বেশ কিছু সমস্যার আছে রিহ্যাব, এসব সমস্যা মানে সাধারণ মানুষের আবাসনের স্বপ্ন পূরণে বাধাগ্রস্ত হওয়া। আবাসন ব্যবসা ধাক্কা খেলে আবাসনের সাথে লিংকেজ ব্যবসায়ও ধাক্কা লাগবে। আশা করি আলোচনার মাধ্যমে ড্যাপের বিষয়সহ সব সমস্যার সমাধান হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা উন্নত, অসাম্প্রদায়িক ক্ষুধামুক্ত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। পরিবেশ দেখতে হবে সব কিছু দেখেই আমাদের এগিয়ে যেতে হবে। তাহলেই যে বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী কাজ করছে সে লক্ষ পূরণ হবে। এমন কোন সেক্টর নাই যেখানে আমরা ৫০ শতাংশ পর্যন্ত এগিয়ে নেই।

গৃহায়ণ ও গণপূর্ত মমন্ত্রনালয়ের সচিব শহিদুল্লাহ খন্দকার বলেন, ড্যাপ নিয়ে ভয় ও ভীতির কিছু নেই। এখন আতঙ্কিত হওয়ার কিছু নেই এখনও আলোচনার সুযোগ রয়েছে। বস্তি উচ্ছেদ করা হয় না বরং সেখানেও বিল্ডিং করা হয় যাতে তারা ভালো জীবন-যাপন করতে পারে। রিহ্যাবও এগিয়ে আসতে পারে এসব বস্তিগুলোতে নতুন আবাসনের ব্যবস্থা করতে, আমাদের সহযোগীতা থাকবে।

এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, এফবিসিসিআইকে ড্যাপের খসরা দিলে আমরা আলোচনার মাধ্যমে সেটা ব্যবসায়ীদের সাথে আলোচনা করতে পারি। প্রধানমন্ত্রীর যে ভিশন সে লক্ষে আমরা এগিয়ে যেতে চাই, প্রধানমন্ত্রীর টার্গেটে যেতে চাই। আজ কৃষিসহ সব কিছু উপরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে বাগানসহ অনেক কিছু হচ্ছে। উন্নত বিশ্বে এমনটা হচ্ছে তাদের বিল্ডিং এর ওপরে সবজি চাষও হচ্ছে। দেশের ১০০ ইকনোমিক জোনে শিল্পের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সেখানেও রিহ্যাবের কাজ করার সুযোগ আছে। দেশের সব সেক্টরের পরিকল্পনা হলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন হিসেবে এফবিসিসিআইকে দেওয়া হয় কিন্তু ড্যাপের খসরা হলো অথচ আজও রিহ্যাব জানতে পারলো না।

রাজউক চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নূরী বলেন, আবাসনের সিংহভাগ পূরণ করছে রিহ্যাব। ৪০ লাখ শ্রমিক ব্যবসায়ীদের ক্ষতি হয় এমন কিছু সরকার করবে না, ড্যাপ নিয়ে ৩০০ সভা-সেমিনার হয়েছে। ড্যাপ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে আমাদের পরিকল্পিত-দূষণমুক্ত একটি শহর চাই। আমরা নিয়ম মেনে বিল্ডিং নির্মাণ করুণ যাতে পরিকল্পিত নগর সবাই পায়। আমরা আপনাদের সাথে আছি, সকল অভাব-অভিযোগ-আপত্তি থাকলে আমাদের জানান আমরা সমাধান করবো। যৌক্তিক দিক অবশ্যই পূরণ করবো, আগামী এক সপ্তাহ আমাদের সেবা সপ্তাহ আছে, আসুন আপনাদের সেবায় আমরা প্রস্তুত।

রিহ্যাব সভাপতি আলমগির শামসুল আলামিন কাজল বলেন, আজ আবাসন ব্যবসায়ীরা অশনিসংকেত ও আতঙ্কিত ড্যাপ নিয়ে। আমরা ড্যাপের বিরোধী না তবে এমন কিছু করবেন না যাতে আবাসন ব্যবসা বন্ধ হয়ে যায়। যারা আবাসনে ২৬৯ সাব সেক্টর কাজ করে, ৫০ লাখ মানুষের রুজি জরিত। তাই আপনারা এমন ড্যাপ বাস্তবায়ন করবেন যাতে আমরা স্বাগত জানাতে পারি।

রিহ্যাব সিনিয়র সহ-সভাপতি ইন্তেখাবুল হামিদ বলেন, মানুষের অন্যতম মৌলিক চাহিদা আবাসন। তবে জমির তুলনায় বাসস্থান কম এ সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে রিহ্যাব। এ খাতের নতুন উদ্যোক্তা আসছে, বেকারত্ব দূর করার পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখছে এ খাত।

কামাল মাহমুদ বলেন, রড-সিমেন্টের দাম যা ছিলো এখন ৩০ শতাংশ পর্যন্ত বেড়েছে, এটা নিয়ন্ত্রণ করা উচিত। আমরা আবাসন ব্যবসা নিয়ে আছি যেখানে সকল মানুষের আবাসন সুবিধা নিশ্চিত করতে চাই। ড্যাপ বাস্তবায়নে সবার উপস্থিতিতে যেন করা হয়। আবার ডেভেলপমেন্ট বাস্তবায়নের জন্য আবেদন জমা রয়েছে রাজউকে যেখানেই দিনের পর দিন পড়ে থাকে। এতে লোকসানে পড়তে হয় গ্রাহক ও ব্যবসায়ীদের, এটা দেখতে রাজউক চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানান তিনি।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য মেলায় থাকছে ২২০টি স্টল। প্রায় ১৫০টি আবাসন প্রতিষ্ঠান অংশ নেবে। মেলা চলবে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত। মেলায় ১৫টি নির্মাণসামগ্রী এবং ৩০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নেবে।

মেলার সিঙ্গেল এন্ট্রির প্রবেশ ফি ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর মাল্টিপল এন্ট্রির প্রবেশ ফি ১০০ টাকা। সিঙ্গেল এন্ট্রি টিকিটে একবার ও মাল্টিপল এন্ট্রি টিকিটে পাঁচবার মেলায় প্রবেশ করা যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। মেলা উপলক্ষে এন্ট্রি টিকিটের উপর র‌্যাফেল ড্র’তে থাকছে আকর্ষণীয় পুরস্কার।

২০০১ সাল থেকে ঢাকায় রিহ্যাব হাউসিং ফেয়ার শুরু হয়। এছাড়া চট্টগ্রামে ১৪টি মেলা সফলভাবে সম্পন্ন করেছে রিহ্যাব। প্রতিষ্ঠানটি ২০০৪ সাল থেকে বিদেশে হাউসিং ফেয়ার আয়োজন করে আসছে। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১২টি, যুক্তরাজ্যে, দুবাই, ইতালির রোম, কানাডা, সিডনি, কাতারে ১টি করে এবং দুবাইতে ২টি রিহ্যাব হাউসিং ফেয়ার সফলভাবে সম্পন্ন হয়েছে। এসব ফেয়ার আয়োজনের মাধ্যমে রিহ্যাব দেশে-বিদেশে গৃহায়ণ শিল্পের বাজার সৃষ্টি এবং তা প্রসারের প্রচেষ্টা অব্যাহত রাখছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com