October 16, 2026, 11:01 am

ব্যবসায়ীকে হত্যার পর আত্মগোপনে ‘চিল্লায়’ যান মুয়াজ্জিন

ব্যবসায়ীকে হত্যার পর আত্মগোপনে ‘চিল্লায়’ যান মুয়াজ্জিন

কিশোরগঞ্জ সদর এলাকার ব্যবসায়ী রমিজ উদ্দীন হত্যার রহস্য উদঘাটন করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ ঘটনায় চিল্লারত অবস্থায় আত্মগোপনে থাকা হত্যাকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার ব্যক্তির নাম জাকির হোসেন। তিনি পেশায় একজন মুয়াজ্জিন। বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

তিনি বলেন, ৩ অক্টোবর সকালে কিশোরগঞ্জ মডেল থানাধীন কাটবাড়িয়া ডাউকিয়া মসজিদের দক্ষিণ পাশে অচেতন অবস্থায় গুরুতর জখম অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এসময় নিহতের পাঞ্জাবির পকেটে থাকা কাগজপত্র যাচাই-বাছাই করে পুলিশ তার নাম জানতে পারে। ঘটনার পর নিহতের ছেলে বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় হত্যা মামলা করেন। ক্লুলেস এই হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্তদের গ্রেফতারে তৎপরতা শুরু করে। পরবর্তীতে র‌্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১৪ এর একটি দল হত্যার ঘটনায় অভিযুক্তকে শনাক্ত করে মঙ্গলবার লক্ষীপুরের একটি মসজিদে তাবলীগের চিল্লারত অবস্থায় গ্রেফতার করে।

তিনি বলেন, রমিজ ১৯৯৮ সাল হতে ২০০৬ সাল পর্যন্ত মালয়েশিয়ায় প্রবাসী হিসেবে ছিলেন। পরবর্তী তিনি গরু ক্রয়-বিক্রয়ের ব্যবসা ও খামার ব্যবসা শুরু করেন। এসময় তার সঙ্গে স্থানীয় মসজিদের ইমামের পরিচয় হয়। তখনই তাদের মধ্যে ব্যবসা সংক্রান্ত বিভিন্ন তথ্য আদান প্রদান হতো। রমিজের কাছে নগদ অর্থ আছে তা হাতিয়ে নিতেই ছক আঁকতে থাকে মুয়াজ্জিন জাকির। এরই এক পর্যায়ে নেত্রকোনা থেকে কম দামে গরু কিনে দেবার কথা বলে নির্জন জায়গায় নিয়ে হত্যা করে।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ব্যবসায়ী রমিজকে হত্যার পর তার কাছে থাকা ছয় লাখ টাকা হাতিয়ে নেন জাকির। এরপর বিভিন্ন জায়গায় তিনি আত্মগোপনে থাকেন। হাতিয়ে নেওয়া টাকার মধ্যে একলাখ টাকা তিনি বিভিন্ন জায়গায় খরচ করেন।

র‌্যাব জানায়, জাকির পাঁচবছর আগে নরসিংদীর মনোহরদী উপজেলার একটি গ্রামের মসজিদে মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত ছিলেন। নিহতের সঙ্গে সুসম্পর্ক থাকায় মুয়াজ্জিন তাকে নেত্রকোনার সীমান্তবর্তী গ্রাম থেকে কমমূল্যে গরু কেনার প্রস্তাব দেন। পরবর্তীতে ২ অক্টোবর রাতে ছয় লাখ টাকাসহ রমিজকে কিশোরগঞ্জের ডাউকিয়া মসজিদ এলাকার নির্জন স্থানে নিয়ে যান জাকির হোসেন। গাড়ীতে গরু আসবে এবং তারা সেখানে দীর্ঘক্ষণ অবস্থান করতে থাকে। রাত আনুমানিক দেড়টার দিকে রমিজ উদ্দিনকে কৌশলে ডাউরিয়া মসজিদের দক্ষিণ পাশে কলা বাগানে নিয়ে যায়। এসময় মুয়াজ্জিন জাকির হোসেন তার সঙ্গে থাকা হাতুড়ি দিয়ে পেছন থেকে আঘাত করে। হাতুড়ির আঘাতে রমিজ মাটিতে লুটিয়ে পড়লে তার কপালে, মুখে, বাম চোখের উপর ও মাথার বিভিন্ন জায়গায় আঘাত করা হয়। এরপর রমিজকে মৃত ভেবে ওই জায়গা থেকে পালিয়ে যান।

তিনি বলেন, হত্যাকাণ্ডের পর অভিযুক্ত জাকির কিশোরগঞ্জ থেকে নরসিংদীর মনোহরদীতে চলে আসেন এবং নিজ বাসায় ঘুমিয়ে পড়েন। ফজরের আযানের সময় হলে মসজিদে গিয়ে আযান দেন ও নামাজে অংশগ্রহণ করেন। পাশাপাশি মক্তবে ২০ জন ছাত্রকে পড়ান।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com