July 17, 2026, 1:43 am

নিউজিল্যান্ড থেকে চলে আসতে চেয়েছিলেন ক্রিকেটাররা, বিসিবির ‘না’

নিউজিল্যান্ড থেকে চলে আসতে চেয়েছিলেন ক্রিকেটাররা, বিসিবির ‘না’

টানা জৈব ‍সুরক্ষা বলয়ের ধকল। সামনে আরও অনেক সিরিজ। নিউজিল্যান্ডে গিয়ে মেলেনি স্বস্তি। কয়েক দফায় বেড়েছে বিধিনিষেধ। এমন অবস্থায় সিরিজ রেখে দেশে চলে আসতে চেয়েছিলেন ক্রিকেটাররা।

তবে বিসিবি তাতে রাজি হয়নি। ফের যদি কোয়ারেন্টাইন বাড়ে তাহলে নতুন করে সিদ্ধান্ত নেবে তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত ৮ ডিসেম্বর দেশ ছাড়ে বাংলাদেশ দল। সেখানে গিয়ে বিপাকে পড়ে সফরকারীরা। দলে করোনাভাইরাসের সংক্রমণ এবং দেশটির করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় বাংলাদেশ দলের কোয়ারেন্টাইনের মেয়াদ বৃদ্ধি পেয়েছে।

আজ (শনিবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনানুষ্ঠানিক সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, শারীরিক ও মানসিক চাপের কারণে দেশে চলে আসতে চেয়েছিলেন ক্রিকেটাররা। তবে সিরিজ শেষ না করে দলকে দেশে ফিরিয়ে আনতে চায় না বোর্ড।

নাজমুল হাসান পাপন বলেন, ‘দেখুন, সিরিজ বাতিলের কোনো সম্ভাবনা নেই। ২১ তারিখের পর আমাদের অনুশীলনে নামার কথা রয়েছে। সেটি যদি না হয়, তখন আমরা নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনায় বসব। তখন একটা সিদ্ধান্ত আসবে। কারণ এরপর ওদের অস্ট্রেলিয়া সিরিজ রয়েছে। তবে এখন সিরিজ বাতিলের কোনো সুযোগ নেই।’

গত বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ দলের বেশ কয়েকজন ক্রিকেটার কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়ে অনুশীলন নেমেছিলেন। তবে আবার শুনতে হলো দুঃসংবাদ। আপাতত ২১ ডিসেম্বর পর্যন্ত আবার বন্দি জীবন কাটাতে হবে তাদের।

পাপন জানালেন, ২১ তারিখের পর আবার কোয়ারেন্টাইন বৃদ্ধি করলে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনায় বসে পরবর্তী সিদ্ধান্ত নেবে বিসিবি। তবে সিরিজ বাতিলের শঙ্কা উড়িয়ে দিলেন পাপন।

সিরিজের প্রথম ম্যাচটি গড়ানোর কথা আছে আগামী ১ জানুয়ারি, বে ওভালে। দ্বিতীয় ও শেষ ম্যাচটি হওয়ার কথা ৯ জানুয়ারি হ্যাগলি ওভালে।

সফরে গিয়ে করোনা পজিটিভ হয়েছেন বাংলাদেশ দলের স্পিন কোচ রঙ্গনা হেরাথ।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com