August 19, 2026, 1:04 am
বোনাস লভ্যাংশের মাধ্যমে ৩১ কোটি ৩৮ লাখ টাকার পরিশোধিত মূলধন বৃদ্ধির অনুমোদন পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।
কমিশন সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজকের সভায় সাউথ বাংলা ব্যাংকের ৩১ ডিসেম্বর ২০২০ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৪ শতাংশ নগদ এবং ৪ শতাংশ স্টক বা বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করা হয়। এরপর কোম্পানিটির অষ্টম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।
এতে বলা হয়, ২০২১ সালের ৩০ জুন বিএসইসির নোটিফিকেশন পরিপালনের জন্য সাউথ বাংলা ব্যাংক বিএসইসি কাছে স্টক লভ্যাংশের জন্য আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে কমিশন সভায় সাউথ বাংলা ব্যাংককে স্টক লভ্যাংশের মাধ্যমে ৩১ কোটি ৩৮ লাখ টাকার পরিশোধিত মূলধন বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করা হয়।