August 19, 2026, 3:33 am

বাসার খাবার খেতে পারছেন খালেদা: চিকিৎসক

বাসার খাবার খেতে পারছেন খালেদা: চিকিৎসক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের এক সদস্য। তিনি জানিয়েছেন, কিছুদিন আগেও তরল খাবার ছাড়া অন্য কোনো খাবার খেতে পারতেন না খালেদা জিয়া, তবে এখন তরল খাবারের সঙ্গে বাসায় তৈরি করা অন্য খাবারও খেতে পারছেন।

মেডিক্যাল বোর্ডের ওই সদস্য বলেন, সিসিইউতে (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) যে যাচ্ছেন তার সঙ্গে হাত নেড়ে নেড়ে কথা বলছেন খালেদা জিয়া। কেউ সালাম দিলে উত্তর দিচ্ছেন। তিনি আরও বলেন, ‘অনেক দিন পর গতকাল তিনি গোসল করেছেন।

মেডিক্যাল বোর্ডের প্রধান ডা. শাহাবুদ্দিন তালুকদার শুক্রবার সকাল ৯টার দিকে সিসিইউতে এসে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে গেছেন, তবে আজ শুক্রবার হওয়ায় মেডিক্যাল বোর্ডের মিটিং হচ্ছে না। শনিবার বিকেলে মেডিক্যাল বোর্ডের মিটিং রয়েছে। ওই মিটিংয়ে তার স্বাস্থ্যের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

খালেদা জিয়ার লিভার সিরোসিসের কারণে রক্তক্ষরণ হচ্ছে জানিয়ে মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা জার্মানির বিশেষায়িত হাসপাতালে তার চিকিৎসার সুপারিশ করেছেন।

গত রোববার সংবাদ সম্মেলনে তারা জানান, বিএনপি নেত্রীর লিভারে রক্তক্ষরণ হচ্ছে। একবার এই রক্তক্ষরণ সামাল দেয়া গেছে, তবে এখন তার যে অবস্থা, সেটি আবার সামাল দেয়া কঠিন হবে।

বাংলাদেশে দুই থেকে তিনবার রক্তক্ষরণ সামাল দেয়ার কারিগরি সুযোগ নেই দাবি করে যত দ্রুত সম্ভব তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার কথা বলেন তারা।

১৩ নভেম্বর বিকেলে খালেদা জিয়াকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ারে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় পরের দিন ভোরে তাকে সিসিইউতে নেয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তার।

খালেদার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে তার পরিবার ও দল থেকে সরকারের প্রতি বারবার আহ্বান জানানো হয়েছে। তাতে সাড়া মেলেনি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের নেত্রীর অবস্থা ‘ভেরি ক্রিটিক্যাল’। তাকে অবিলম্বে বিদেশে নেয়া দরকার।

খালেদা জিয়াকে বিদেশে নেয়ার অনুমতি আদায়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com