August 20, 2026, 4:40 am
আগামী বছরের স্কুলভর্তি কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এবার কেন্দ্রীয়ভাবে সরকারি-বেসরকারি স্কুল ভর্তিতে পরীক্ষা না নিয়ে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। তবে এই কার্যক্রমের আওতায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠান আসতে পারেনি তাদেরকেও একই নিয়ম অনুসরণ করতে হবে। স্কুলভর্তিতে কোনোভাবেই পরীক্ষা না নিতে জরুরি নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ শিক্ষবর্ষে সরকারি ও বেসরকারি (মহানগর ও জেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত কেন্দ্রীয়ভাবে অনলাইনে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে ভর্তি কার্যক্রম করতে হবে। এ কার্যক্রমের আওতায় যেসব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিতে পারেনি তাদেরকেও একই প্রক্রিয়া অনুসরণ করে ভর্তি কার্যক্রম করতে হবে।
এজন্য আট দফা জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনার মধ্যে রয়েছে-
১. ২০২২ শিক্ষাবর্ষে সারাদেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া নিস্পন্ন করা ব্যতিত অন্যকোনো পরীক্ষা গ্রহণ করা যাবে না।
২. ২০২২ শিক্ষাবর্ষে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত শিক্ষার্থী ভর্তির আবেদন ফরমের ফি (সরকারি ও বেসরকারি) কোনোক্রমেই ১১০/- টাকার বেশি গ্রহণ করা যাবে না।
৩. সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা (সংশোধিত-২০২১) এ গঠিত ঢাকা মহানগর/জেলা/উপজেলা ভর্তি কমিটির উপস্থিতিতে লটারি প্রক্রিয়া অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে।
৪. বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারী করা সর্বশেষ নীতিমালায় গঠিত মহানগর/জেলা/উপজেলা ভর্তি তদারকি ও পরিবীক্ষণ কমিটির উপস্থিতিতে লটারি প্রক্রিয়া অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে।
৫. লটারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে বিদ্যালয়ের ভর্তি পরিচালনা কমিটি, ঢাকা মহানগরীর ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি, মহাপরিচালকের প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি, ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করতে হবে।
৬. ২০২২ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন ও ভর্তি প্রক্রিয়া অবশ্যই আগামী ৩০ ডিসেম্বররের মধ্যে সস্পন্ন করতে হবে।
৭. যথাযথ স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে লটারি কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা গ্রহণ করতে হবে।
৮. সর্বোপরি লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়াটি যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় বিষয়টি নিশ্চিত করতেও নির্দেশ দেওয়া হয়েছে।
জানতে চাইলে মাউশির উপ-পরিচালক ও ভর্তি কমিটির সদস্য সচিব মো. আজিজ উদ্দিন বৃহস্পতিবার জাগো নিউজকে বলেন, রাজধানীরসহ বিভিন্ন জেলার অনেকে কেন্দ্রীয় ভর্তি কার্যক্রমে যুক্ত হয়নি, তারা আলাদাভাবে ভর্তি করতে পারবে। তবে তাদের অবশ্যই ভর্তি নীতিমালা অনুসরণ করতে হবে। কোনোভাবে ভর্তি ফরমের টাকা বেশি নেওয়া যাবে না। ভর্তির ক্ষেত্রে কোথাও পরীক্ষা আয়োজন করা যাবে না বলেও জানান তিনি।
গত ২৫ নভেম্বর আগামী বছরের জন্য সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির আবেদন শুরু হয়। এ আবেদন প্রক্রিয়া চলবে ৮ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।