August 21, 2026, 7:40 am
স্বপ্নের মতো ব্যাপার। দুর্দান্ত খেলছিল বাংলাদেশ। জিতেছিল প্রথম দুই ম্যাচ। যদিও শেষ ম্যাচটাতে হেরে গিয়েছিল থাইল্যান্ডের কাছে। তবে নিগার সুলতানাদের স্বপ্নপূরণে বাধা হতে পারেনি সেটি। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণে স্থগিত হয়ে গেছে মেয়েদের বিশ্বকাপ বাছাই। গ্রুপের শীর্ষে থাকায় প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে চলে গেছে বাংলাদেশের মেয়েরা।
করোনার কারণে টুর্নামেন্ট বন্ধ ঘোষণায় ভাগ্য খুলে গেল নিগার সুলতানা জোতি-রুমানা আহমেদদের। স্বাগতিক নিউজিল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এরইমধ্যে জায়গা পেয়েছে মূল পর্বে। সঙ্গে এবার যোগ দিল-বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। ২০২২ সালে মার্চে অনুষ্ঠেয় এই টুর্নামেন্ট দিয়েই ওয়ানডে বিশ্বকাপে অভিষেক হবে টাইগ্রেসদের। প্রথমবারের মতো নামবে বিশ্বকাপে!