October 25, 2026, 12:19 am
ওমরাযাত্রী ছাড়াও সাধারণ মুসল্লিদের জন্য পবিত্র কাবার তাওয়াফ অনুমোদন দিয়েছেন সৌদি সরকার। মূলত করোনা সংক্রমণ রোধে সৌদি বিশেষ কিছু নিয়ম-বিধি আরোপ করেছিল। এর ফলে সবার জন্য ওমরাহ পালনের সুযোগ ছিল না। কিন্তু আরোপিত বিধি-নিষেধ ধীরে ধীরে তুলে নেওয়ায় এখন থেকে সাধারণ মুসল্লিরাও তাওয়াফ করতে পারবেন। অন্যদিকে এর আগে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের সামাজিক দূরত্ব তুলে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সৌদি গেজেটে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। এই দিন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের এক রাজকীয় নির্দেশনায় এই নিয়ম চালু হওয়ার অনুমোদন দেওয়া হয়। পবিত্র মসজিদুল হারামের পরিচালনা পরিষদের মুখপাত্র হানি হায়দার সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন। তবে ওমরাহ ছাড়া সাধারণ মুসল্লিদের তাওয়াফের জন্য নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে আবেদন করতে হবে।