May 27, 2026, 5:34 pm

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় আলজেরিয়া

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় আলজেরিয়া

বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাড়াতে আগ্রহী আফ্রিকার দেশ আলজেরিয়া। এজন্য দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সঙ্গে আলজেরিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সমঝোতা স্মারক স্বাক্ষরে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবাহ লারবি।

বুধবার (২৪ নভেম্বর) এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দুই দেশের ব্যবসায়ী পর্যায়ে সমঝোতা স্বারক সইয়ের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকে জানানো হয়, আফ্রিকার দেশ আলজেরিয়া বর্তমানে বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য, ওভেন ও নিটওয়্যার, হোম টেক্সটাইল এবং ফুটওয়্যার আমদানি করে। এর বাইরে প্রতিবছর বিপুল পরিমাণ ভোগ্যপণ্য, দানাদার খাদ্যশস্য, দুগ্ধজাত পণ্য, প্লাস্টিক সামগ্রী, ওষুধ, আমদানি করে। এছাড়াও আলজেরিয়ায় কৃত্রিম ফিলামেন্টস, গ্লাস ও সিরামিকস, চামড়াজাত পণ্য, ইলেকট্রনিক সামগ্রীর সম্ভাবনাময় বিশাল বাজার রয়েছে। তাই আলজেরিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং এফবিসিসিআইর সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলে দুই দেশই লাভবান হবে।

দেশটির রাষ্ট্রদূতের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, এফবিসিসিআইর সঙ্গে বিশ্বের ৫০টিরও বেশি দেশের বাণিজ্য সংগঠনগুলো প্রায় দেড়শ সমঝোতা স্মারক সই করেছে। আলজেরিয়ার বাণিজ্য সংগঠনের সাথে চুক্তি হলে দুদেশের বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বাড়বে। শিগগিরই এ সংক্রান্ত খসড়া চুক্তি আলজেরিয়ার ঢাকা দূতাবাসে পাঠানোর আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি আমিন হেলালী এবং মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com