August 20, 2026, 6:21 am
ঢাকায় পাবলিক বাসে সিটিং সার্ভিস ও গেটলক সার্ভিস আজ থেকে বন্ধ হতে যাচ্ছে। এছাড়া সব তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) চালিত বাসে স্টিকার লাগিয়ে চিহ্নিত করা হবে, যাতে সেসব বাস বাড়তি ভাড়া আদায় করতে না পারে।
শনিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অতিরিক্ত বাস ভাড়া আদায় বন্ধে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির ভিজিলেন্স টিমের কার্যক্রম পরিদর্শনকালে এর সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সড়ক পরিবহন আইনে সিটিং সার্ভিস ও গেটলক বলে কিছু নেই। কোনো বাসে সিটিং সার্ভিস লেখা যাবে না। এছাড়া বাসগুলোকে সব স্টেশনে থামতে হবে। কোনো বাস সিটিং সার্ভিস ও গেটলক হিসেবে চললে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট বাসের রোড পারমিট বাতিল করার জন্য বিআরটিএকে অনুরোধ করা হবে। এছাড়া ওই পরিবহনের মালিক সমিতির সদস্যপদ বাতিল করা হবে।’
খন্দকার এনায়েত উল্লাহ আরও বলেন, ‘বর্তমানে ঢাকা মহানগর এলাকায় চলাচল করা ১২০টি বাস কোম্পানির মধ্যে ১৩টি কোম্পানির ১৯৬টি বাস সিএনজিতে চলে। এসব বাসে যেন অতিরিক্ত ভাড়া না নিতে পারে সেজন্য এগুলো চিহ্নিত করতে স্টিকার লাগানো হবে।’
তিনি বলেন, কোনো অবস্থাতেই অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। কোনো বাস অতিরিক্ত আদায় করলে প্রয়োজনে সংশ্লিষ্ট পরিবহনের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হবে। এছাড়া ওই পরিবহনের রোড পারমিট এবং রেজিস্টেশন বাতিল করা হবে।