October 14, 2026, 6:26 pm

সারাদেশে ৮৩৫ ইউপিতে ভোটগ্রহণ শুরু

সারাদেশে ৮৩৫ ইউপিতে ভোটগ্রহণ শুরু

দ্বিতীয় ধাপের ৮৩৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়; একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। আজ ৬৩টি জেলার ১১৫ উপজেলার ওই সব ইউনিয়নে ভোট চলছে।

নির্বাচনে সহিংসতার আশঙ্কায় ১৪টি জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে।

এতে তিন হাজার ৩১০ জন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৪১ হাজার ২১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ৮১ জন চেয়ারম্যানসহ ৩৫৭ জন জনপ্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পাওয়ায় সংশ্লিষ্ট পদগুলোতে ভোট হবে না।

এদিকে তৃতীয় ধাপের এক হাজার ৩ ইউনিয়নে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় আজ শেষ হচ্ছে।

জানা গেছে, প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপের নির্বাচনে সহিংসতার সংখ্যা, মাত্রা ও তীব্রতা- সবই বেশি। ভোট উপলক্ষ্যে মঙ্গলবার থেকে নির্বাচনি এলাকাগুলোতে ২৫ হাজারের বেশি পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

এছাড়া নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও রয়েছেন।

নির্বাচনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর এত সংখ্যক সদস্য মোতায়েনের মধ্যেও মঙ্গলবার রাত থেকে দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনা ঘটেছে।

নির্বাচনে মোট ভোটার রয়েছেন এক কোটি ৬৫ লাখ ৯৫ হাজার ২২৬ জন। তাদের মধ্যে পুরুষ ৮৪ লাখ ৫ হাজার ৮৩১ জন ও নারী ৮১ লাখ ৮৯ হাজার ৩৭৯ জন। এছাড়া ১৬ তৃতীয় লিঙ্গ এ নির্বাচনের ভোটার।

ইসি সূত্র জানিয়েছে, দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও ভোট হবে ৮৩৫টিতে। আইনি জটিলতাসহ নানা কারণে সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে।

জাল স্বাক্ষরে কয়েকজন প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারের ঘটনায় শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে।

৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পাওয়ায় সেখানে ভোটের প্রয়োজন হবে না।

এ কারণে ৮৩৫টিতে আজ ভোট হচ্ছে। এ ধাপে ৮১ জন চেয়ারম্যান, ৭৩ জন সংরক্ষিত সদস্য এবং ২০৩ জন সাধারণ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আরও জানা গেছে, এ ধাপে তিন হাজার ৩১০ জন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৪১ হাজার ২১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে সংরক্ষিত সদস্য পদে নয় হাজার ১৬১ জন ও সাধারণ সদস্য পদে ২৮ হাজার ৭৪৭ জন রয়েছেন।

নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৮ হাজার ৪৯২টি। প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসারের ২২ জন সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে তৃতীয় ধাপের এক হাজার তিনটি ইউনিয়ন পরিষদে বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারিত রয়েছে। এসব ইউনিয়ন পরিষদে আগামী ২৮ নভেম্বর ভোট হবে। শুক্রবার থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com